'প্রভাবশালী দুর্নীতিবাজদের বিরুদ্ধে চাই সম্মিলিত সহযোগিতা'

দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত সহযোগিতা চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুর্নীতিবাজেরা অনেক বেশি ধূর্ত, শক্তিশালী এবং প্রভাবশালী মন্তব্য করে তাদের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
আজ সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮-এর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। সকালে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে দুর্নীতি সপ্তাহের উদ্বোধন করেন ইকবাল মাহমুদ।
দুদক চেয়ারম্যান বলেন, কমিশনের ১ হাজার ৭৩ জন লোক নিয়ে ১৬ কোটি মানুষের দেশকে দুর্নীতিমুক্ত নয়, দুর্নীতি প্রতিরোধ করা অসম্ভব। এটি কেউ যদি আশা করেন, তাহলে ভুল হবে। তাঁর মতে, সবাই একযোগে একটি লক্ষ্য নিয়ে কাজ না করলে দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব হবে না। ইকবাল মাহমুদ বলেন, প্রভাবশালী ধূর্ত দুর্নীতিবাজদের ধরা শুধু একটি সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না। প্রতিষ্ঠান শুরু করতে পারে, প্রতিষ্ঠানকে সবাই মিলে সাহায্য-সহযোগিতা না করলে কাজটি অসম্ভব হয়ে পড়বে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
উন্নয়নশীল দেশের স্বীকৃতির জন্য এখনই দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানে যেতে হবে বলে মনে করেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, উন্নয়নকে টেকসই করতে হলে অবশ্যই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। এর লাগাম টেনে ধরতে না পারলে আরও ছয় বা নয় বছর অপেক্ষা করতে হবে।
এর আগে কমিশনের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী ব্যঙ্গাত্মক কার্টুন ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন ইকবাল মাহমুদ। আজ থেকে আগামী ১ এপ্রিল পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুদকের দুই কমিশনার নাসিরউদ্দীন আহমেদ, এ এফ এম আমিনুল ইসলামসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।