
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মাচাং ঘাট এলাকায় চন্দনা নদীতে সেতু না থাকায় দুটি ইউনিয়নের ২০টি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের বাঁশের সাঁকোয় নদী পার হয়ে অথবা চার কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পাশের নারায়ণপুর গ্রামের বাসিন্দা হলুদ ব্যবসায়ী নাজির শেখ বলেন, ‘মাচাং ঘাট দিয়ে প্রতিদিন সহস্রাধিক মানুষ যাতায়াত করে। মাঝেমধ্যে প্রকৌশলীরা এসে মাপজোখ করেন। কিন্তু আমাদের এলাকায় প্রভাবশালী কেউ না থাকায় এখানে সেতু হয় না। যেসব অঞ্চলে প্রভাবশালী লোকজন আছে, সেখানে সেতু প্রকল্প চলে যায়।’
চন্দনা নদীর মাচাং ঘাটের পূর্ব দিকে রয়েছে বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রাম; পশ্চিমে নবাবপুর ইউনিয়নের গাংচর গ্রাম। পূর্ব দিকের বহরপুর বাজার থেকে একটি পাকা সড়ক নারায়ণপুর গ্রামে এসেছে। নদীর অন্য পাড়ে গাংচর গ্রাম থেকে সড়ক চলে গেছে বালিয়াকান্দির সোনাপুর বাজারে। মাঝখানে চন্দনা নদী সড়কটিকে ছেদ করে বয়ে গেছে।
দক্ষিণবাড়ি গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান বলেন, চন্দনা নদীর মাচাং এলাকায় একটি সেতু খুব অপরিহার্য। ঘাটের একদিকে বহরপুর বাজারে রয়েছে স্কুল-কলেজসহ গুরুত্বপূর্ণ স্থান। অন্য পাশে নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারটি মীর মশাররফ হোসেনের স্মৃতিবিজড়িত। পাশাপাশি বাজারটি পাট ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। মাচাং ঘাটে সেতু হলে এই দুই গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে সরাসরি সংযোগ স্থাপিত হবে। তখন আর এ অঞ্চলের মানুষজনকে তিন-চার কিলোমিটার ঘুরে বাড়াদী সেতু ও রামদিয়া সেতু হয়ে যেতে হবে না।
মাচাং ঘাট দিয়ে দুটি ইউনিয়নের কমপক্ষে ২০টি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করে। গ্রামগুলোর মধ্যে রয়েছে নবাবপুর ইউনিয়নের গাংচর, পদমদী, শালবরাট, দক্ষিণবাড়ি, আনন্দবাজার, নবাববাড়ি, বাইলেরচর, বলদাখাল ও ঘোড়ামারা এবং ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর, খালকুলা, রাজধরপুর, শ্রীরামকাধি, হোগলাডাঙ্গী, গোবিন্দপুর ও শেকারা।
সরেজমিনে গত ২২ মার্চ দেখা যায়, মাচাং ঘাটে বাঁশ দিয়ে একটি লম্বা সাঁকো বানানো হয়েছে। সেটি দিয়ে যাতায়াত করছে মানুষ। কেউ কেউ মাথায় বিভিন্ন মালামাল নিয়ে পার হচ্ছে। সাঁকোটির কয়েকটি স্থান নড়বড়ে হয়ে গেছে। অনেক স্থানে বাঁশের হাতল ভেঙে গেছে। একসঙ্গে দুই-তিনজন উঠলে সাঁকোটি দুলে ওঠে।
পদমদী এলাকার কৃষক আবদুল খালেক শেখ ও আবদুল বারেক শেখ বলেন, মাচাং ঘাট দিয়ে রাস্তা অনেক কমে যায়। কিন্তু সেতু না থাকায় সরাসরি যাতায়াত করা যায় না। মাথায় মালামাল নিয়ে সাঁকো পার হতে হয়।
সেতু না থাকায় চরম অসুবিধা হচ্ছে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। মাঝেমধ্যে তারা নিচে পড়ে গিয়ে আহত হচ্ছে।
বহরপুর উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রিয়াজ মণ্ডল বলে, বিশেষ করে বর্ষা মৌসুমের শেষ দিকে সাঁকোর অবস্থা নাজুক হয়ে পড়ে। তখন শিশু শিক্ষার্থীদের জন্য সাঁকো পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন মুঠোফোনে বলেন, সেতু নির্মাণের বিষয়টি এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। তিনি বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে উত্থাপন করছেন। কিন্তু সেতু নির্মাণের জন্য বড় ধরনের বরাদ্দ দরকার। ওপর মহলের কেউ উদ্যোগ না নিলে সেতু নির্মাণ করা সম্ভব নয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বালিয়াকান্দি উপজেলা উপসহকারী প্রকৌশলী বজলুল হক খান প্রথম আলোকে বলেন বলেন, ওই এলাকায় একটি সেতু নির্মাণের জন্য তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে কাছে প্রস্তাব পাঠিয়েছেন। বরাদ্দ পাওয়ার পর সেতু নির্মাণকাজ শুরু হবে।