'প্রমাণ করে দেখাতে হবে তুমিই সঠিক'

অনুপ্রেরণামূলক বক্তৃতায় খ্যাতি-সম্পন্ন তরুণ সাবিরুল ইসলাম বলেছেন, ‘অপার সম্ভাবনা নিয়ে জন্মানোর পর সমাজ, পরিবার বা রীতিনীতির ভয়ে আমরা আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে ফেলি।’
২২ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ তরুণদের উদ্দেশে বলেন, ‘প্রত্যেক ক্ষেত্রে অন্যরা বলবে, তুমি এ কাজের উপযুক্ত নও। কিন্তু তোমাকে প্রমাণ করে দেখাতে হবে তুমি সঠিক, বাকি সবাই ভুল।’ রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘দুই হাজার উদ্যোক্তা তৈরি উদ্বুদ্ধকরণ কর্মশালায়’ তিনি এ অভিমত ব্যক্ত করেন। ডিসিসিআই, বেসিস ও জেসিআইর (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) সহযোগিতায় গতকাল সোমবার এ কর্মশালার আয়োজন করে ড্যাফোডিল ইউনিভার্সিটি।
সারা পৃথিবীতে ১০ লাখ মানুষকে উদ্যোক্তা হিসেবে উদ্বুদ্ধ করতে এ পর্যন্ত ২৫টি দেশ ভ্রমণ করেছেন সাবিরুল। তাঁর দুটি বই দ্য ওয়ার্ল্ড এট ইউর ফিট ও টিন স্পিকার। তাঁর তৈরি করা ব্যবসা শেখার খেলা ‘টিন ট্রাপেনার’ যুক্তরাজ্যের সাড়ে ছয় শ বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রমের আওতায় খেলতে দেওয়া হয়।