'প্রমিজ করছি, আমি আসব'

বেলা সাড়ে ১১টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের শিক্ষক কোয়ার্টারের গাড়িবারান্দা। কাফনের কাপড় পরে শুয়ে থাকা ফয়সল আরেফিনকে দেখতে বহু মানুষের ভিড়। এত এত মানুষের ভিড় ঠেলে একটা সময় স্বামীর কাছাকাছি পৌঁছাতে পারলেন স্ত্রী রাজিয়া রহমান। বললেন, ‘প্রমিজ করছি, আমি আসব, তুমি তো আমাকে ছাড়া থাকতে পারো না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক রাজিয়া রহমান। গতকাল শনিবার সুফিয়া কামাল হলের কোয়ার্টার থেকে স্বামীকে বিদায় দিয়েছিলেন। কিন্তু স্বামী ফিরলেন লাশ হয়ে। মৃতদেহ বাড়িতে পৌঁছানোর মিনিট কুড়ি পরে স্বামীকে দেখতে আসেন স্ত্রী রাজিয়া।
রাজিয়া জানেন স্বামী কথার উত্তর আর কোনো দিন দিতে পারবেন না। তবু অনর্গল বলে চলেন, ‘তুমি তো খালি রাগ করো। দুই দিন পরপর রাগ করো। এই যে সেদিন রাগ করে চলে গেলা। আবার তো আসছ। আমি তো জানি, তুমি আমাকে ছাড়া থাকতে পারো না। আমি আসব। বলসিলা না, এবার বইমেলার পর বাবা-মা সবাই মিলে আমরা কক্সবাজার বেড়াতে যাব। তুমি আমাকে ছেড়ে কীভাবে থাকবা? আমরা সবাই আসব। প্রমিজ।’
রাজিয়া যখন কথা বলে চলেছেন, তখন ফয়সলের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম ফজলুল হক ছেলের মৃতদেহের সামনে বসে আছেন চেয়ার নিয়ে। একটা মা নেমে আসেন। তিনিও এসে বসেন প্রিয় সন্তানের পাশে। ছেলের মুখের ওপর ঝুঁকে শেষবারের মতো দেখছিলেন।
এরই মধ্যে একজনকে ধরে আনা হলো। তিনি চিৎকার করে শুধু বললেন, ‘না, আমি দীপন ভাইকে দেখব না, আমি কিছুতেই দেখব না ওকে।’