নিজ ভাষায় সুন্দর করে শুদ্ধ উচ্চারণে কথা বলাটা মানুষের একটি বড় গুণ। বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে শুদ্ধরূপে বাংলা উচ্চারণের চর্চা দরকার। দেশের সব অঞ্চলের মানুষ যাতে সহজভাবে বুঝতে পারে, তার জন্যও প্রমিত ভাষা চর্চার প্রয়োজন রয়েছে।
গতকাল শুক্রবার চট্টগ্রামে আবৃত্তি সংগঠন প্রমার উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৩৯তম ব্যাচের সমাবর্তন ও ৪০তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নগরের এম এম আলী রোডে প্রমার নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি নাট্যব্যক্তিত্ব আলী যাকের বলেন, ‘এখন টেলিভিশন নাটকের প্রমিত উচ্চারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয় না। এটি খুবই দুঃখজনক। প্রমিত বাংলা উচ্চারণ করতে পারলেই আমাদের জিহ্বা বিভিন্ন উপভাষা বলার জন্য তৈরি হয়ে উঠবে এবং অবলীলায় আমরা বিভিন্ন অঞ্চলের ভাষা বলে যেতে পারব।’ তিনি বলেন, শিল্পচর্চার পাশাপাশি সুস্থ ও সুন্দর শিল্প উপভোগের মানসিকতাও গড়ে তুলতে হবে।
প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ওমর কায়সার। স্বাগত বক্তব্য দেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল।