'প্রমীলা'র মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা চিড়িয়াখানায় অবশিষ্ট থাকা একমাত্র গন্ডার। প্রাণীটির একাকিত্ব কাটাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সঙ্গী হিসেবে দিয়েছে একটি ভেড়া। ছবিটি গত বুধবার তোলা l ছবি: হাসান রাজা
ঢাকা চিড়িয়াখানায় অবশিষ্ট থাকা একমাত্র গন্ডার। প্রাণীটির একাকিত্ব কাটাতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সঙ্গী হিসেবে দিয়েছে একটি ভেড়া। ছবিটি গত বুধবার তোলা l ছবি: হাসান রাজা

‘প্রমীলা’ মারা গেছে। গত মঙ্গলবার দুপুরে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় এই বেঙ্গল টাইগারটির মৃত্যু হয়। বয়স হয়েছিল ২১ বছর।
কোনো এক অজানা কারণে চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রমীলার মৃত্যুর কথা স্বীকার করছে না। প্রমীলাসহ গত ছয় মাসে চিড়িয়াখানায় অন্তত ছয়টি প্রাণী মারা গেছে। অন্য প্রাণীগুলো হলো দক্ষিণ আফ্রিকা থেকে কেনা শিম্পাঞ্জি, জিরাফ, সিংহ, ওয়াইল্ডবিস্ট ও জলহস্তী।
এর মধ্যে কেবল শিম্পাঞ্জির মৃত্যুর কথা স্বীকার করেছেন চিড়িয়াখানার কিউরেটর এনায়েত হোসেন। গত বুধবার তিনি
প্রথম আলোকে বলেন, নিঃসঙ্গতা এবং বার্ধক্য শিম্পাঞ্জিটির মৃত্যু ত্বরান্বিত করেছে। সাম্প্রতিক সময়ে আর কোনো বড় প্রাণী মারা যায়নি বলে দাবি করেন তিনি।
সর্বশেষ প্রমীলার মৃত্যুর বিষয়ে চিড়িয়াখানার দায়িত্বশীল একাধিক সূত্র শুধু বলেছে, চিকিৎসার জন্য প্রমীলাকে অচেতন করে হাসপাতালের প্রকোষ্ঠে আনা হয়েছিল। কিন্তু তার আর জ্ঞান ফেরেনি। আর প্রমীলার ময়নাতদন্তকারী চিকিৎসকেরা বলেছেন, প্রমীলার হৃদ্যন্ত্র ও কিডনিতে সমস্যা ছিল। ফুসফুসেও কালো দাগ পাওয়া গেছে।
জাতীয় চিড়িয়াখানা ও কেন্দ্রীয় পশু রোগ অনুসন্ধান গবেষণাগার সূত্র জানায়, গত জুন মাসে চিড়িয়াখানার একমাত্র শিম্পাঞ্জিটি মারা যায়। এই দুর্লভ ও মূল্যবান প্রাণীটি দীর্ঘদিন ধরে একাকী ছিল। এরপর জুলাই মাসে মারা যায় একটি জিরাফ এবং একটি জলহস্তীর বাচ্চা। অন্য জলহস্তীর সংঘবদ্ধ আক্রমণে বাচ্চাটি মারাত্মকভাবে আহত হয়েছিল। ওয়াইল্ডবিস্ট হৃদ্রোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়েছিল বলে জানা গেছে। আর সিংহটি ভুগছিল বার্ধক্যে।
মারা যাওয়া এসব পশুর রোগ শনাক্ত করার জন্য নমুনা রাজধানীর পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের কেন্দ্রীয় পশু রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
জানতে চাইলে চিড়িয়াখানার মাংসাশী শাখার কর্মকর্তা গোলাম আজম প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। তবে তিনি কিউরেটরের নির্দেশে প্রথম আলোকে তাঁর মাংসাশী এবং ক্ষুদ্র, স্তন্যপায়ী ও সরীসৃপ শাখার প্রাণীদের হালনাগাদ দুটি তালিকা দিয়েছেন। বৃহৎ প্রাণীদের তালিকা দেন বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শাহাদাৎ। এই দুই কর্মকর্তা বলেছেন, গত এক বছরে চিড়িয়াখানায় ২৫টি দুর্লভ প্রাণী জন্ম নিয়েছে। এর মধ্যে দুটি জেব্রা, একটি করে জলহস্তী, গাধা, ওয়াইল্ডবিস্ট, এরাবিয়ান হর্স, বেঙ্গল টাইগার (‘টোকিও’) ও ১৮টি চিত্রা হরিণ রয়েছে। এ ছাড়া ক্ষুদ্র স্তন্যপায়ী ও সরীসৃপজাতীয় কয়েকটি প্রাণীও বাচ্চা দিয়েছে।
চিড়িয়াখানার পাখি শাখার কর্মকর্তা এম এ জলিল প্রথম আলোকে বলেন, পাখি শাখাটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এ শাখায় জন্ম ও মৃত্যুর হার প্রায় সমান, শতকরা ২ ভাগ জন্মে আর সমপরিমাণ মারা যায়। তবে, এককভাবে ময়ূরের ডিম পাড়া ও বাচ্চা ফোটানো বিবেচনায় নিলে পাখি শাখায় জন্মের হার দাঁড়াবে ৪ থেকে ৫ শতাংশ।
এই কর্মকর্তা বলেন, সম্প্রতি ময়ূর ৪০টি বাচ্চা ফুটিয়েছে। এর মধ্যে এখন ১৬টি বেঁচে আছে। আর উটপাখি ২৬টি ডিম পাড়ে, একটিতেও বাচ্চা হয়নি। পাখিদের মধ্যে মুনিয়া, টিয়া, হিরামন, লাভবার্ড, ককাটেল বার্ডের মৃত্যুর ঝুঁকি বেশি থাকে বলে জানান তিনি।
সরবরাহ করা তালিকা অনুযায়ী, বর্তমানে মাংসাশী, ক্ষুদ্র স্তন্যপায়ী ও সরীসৃপ, তৃণভোজী বৃহৎ প্রাণী ও পাখি—এই চার শাখায় ১১৪ প্রজাতির ১ হাজার ৭২৮টি পশুপাখি আছে চিড়িয়াখানায়। এর মধ্যে ১ হাজার ১৭১টিই পাখি। চিড়িয়াখানার এক হিসাবে দেখা যায়, ২০০৯ সালের অক্টোবরে চিড়িয়াখানায় ২ হাজার ১২৮টি পশুপাখি ছিল।
চিড়িয়াখানার দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, ২০১২ সালে কেনা দুটি সাদা গন্ডারের একটি, চার হায়েনার তিনটি, তিন গ্রেটার কুদুর দুটি, একটি অরিক্স বিভিন্ন সময়ে মারা গেছে।
প্রাণিসম্পদ অধিদপ্তর ও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা চিড়িয়াখানার জন্য চার বছর অন্তর ৫ থেকে ৬ কোটি টাকার পশু-পাখি কেনা হয়। সর্বশেষ ২০১২ সালে ৬ কোটি ৯৫ লাখ টাকায় ২৭০টি প্রাণী কেনার কার্যাদেশ দেয় প্রাণিসম্পদ অধিদপ্তর। সে বছরের এপ্রিল-মে মাসে সাড়ে ৪ কোটি টাকার ১৯০টি প্রাণী চিড়িয়াখানায় এসেছিল। তার আগে ২০০৮ সালের জুনে সাড়ে ৫ কোটি টাকার পশুপাখি কেনা হয়েছিল। আর গত সপ্তাহে সাড়ে ৬ কোটি টাকার পশু-পাখি কেনার প্রস্তাব পাঠিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তাতে শিম্পাঞ্জি, বনমানুষ, সাদা বাঘ, গন্ডার, প্যান্থার, ম্যাকাওসহ কিছু দুর্লভ প্রাণী কেনার প্রস্তাব আছে।