'প্রমোদভ্রমণে নয় অভিজ্ঞতা অর্জনে থাইল্যান্ড গিয়েছি'
খুলনা ওয়াসার চেয়ারম্যান তালুকদার আবদুল খালেক বলেছেন, মধুমতি থেকে খুলনায় পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের জন্য ওয়াসার পরিচালনা পরিষদ থাইল্যান্ডে গিয়েছে। তাঁরা প্রমোদভ্রমণের জন্য থাইল্যান্ডে যাননি। গতকাল রোববার খুলনা ওয়াসার সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘কারিগরি জ্ঞান অর্জনের নামে প্রমোদভ্রমণ’ শিরোনামে ২৭ অক্টোবর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ কারণে ওয়াসার পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়।
ওয়াসার পরিচালনা বোর্ডের মোট ১২ সদস্য থাইল্যান্ড সফর করেন। এর মধ্যে সাতজন ছিলেন স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। তালুকদার আবদুল খালেক মহানগর আওয়ামী লীগেরও সভাপতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়াসার চেয়ারম্যান বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদেশে একই ধরনের প্রকল্প পরিদর্শন করার সুযোগ থাকায় ওয়াসার পক্ষ থেকে এডিবিকে অনুরোধ করা হয়। এরপর প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থেই এডিবির ব্যয়ে থাইল্যান্ডে একই ধরনের প্রকল্প পরিদর্শন করার জন্য এডিবি থেকে সম্মতি দেওয়া হয়। ওয়াসা বোর্ড সদস্যরা প্রকল্প পরিদর্শনের জন্য গত ২৩ অক্টোবর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। সেখানে বোর্ডের সদস্যরা থাইল্যান্ড সরকার পরিচালিত ‘মেট্রোপলিটন ওয়াটার ওয়ার্কস ও প্রভিন্সিয়াল ওয়াটার ওয়ার্কস’-এর আওতায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, রিভার ইনটেক পয়েন্ট, ট্রান্সমিশন পাইপলাইন ও ডিস্ট্রিবিউশন পাইপলাইন ইত্যাদি পরিদর্শন করেন। এ সফরে বোর্ড সদস্যরা বাস্তব ধারণা ও জ্ঞান অর্জন করেছেন, যা খুলনার ক্ষেত্রে কাজে লাগানো হবে। তিনি দাবি করেন, সরকারি নিয়মনীতি অনুসরণ করেই এই বিদেশ ভ্রমণ করা হয়েছে।