'প্রয়োজনে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বরাত দিয়ে বলেছেন, প্রয়োজন হলে সেনাবাহিনীকে ডাকা হবে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করবে।

আজ রোববার রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এবার ৩০৭ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তাঁদের উদ্দেশ্যে ঢাকা জেলা প্রশাসন ওই ব্রিফিংয়ের আয়োজন করে।

মোখলেছুর রহমান বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ থাকছে। সহিংসতার কোনো সম্ভাবনা নেই। ভোটাররা ন্যায়বিচার চান। ম্যাজিস্ট্রেটদের ওপর তাঁদের অগাধ আস্থা। এই আস্থা ধরে রাখতে হবে। তিনি বলেন, ব্রিফিংয়ে আসার আগে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ তাঁকে বলেছেন, ‘কল করলে (ডাকলে) প্রয়োজনবোধে সেনাবাহিনী ‘ইন্টারভেন’ (হস্তক্ষেপ) করবে।’ তবে সেনাবাহিনী সেনা সদরের ভেতরে থাকছে; না নির্বাচনের সময় মোতায়েন থাকবে-এ প্রসঙ্গে বিস্তারিত কোনো তথ্য দেননি মোখলেছ।

ব্রিফিং অনুষ্ঠানে ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমান ম্যাজিস্ট্রেটদের হৃদয়ের পরিবর্তে মাথা খাঁটিয়ে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, সব ভোটকেন্দ্রে একই ধরনের সমস্যা হবে, বিষয়টি এমন নয়। ৩০৭ জন ম্যাজিস্ট্রেট ৩০৭ রকমের সমস্যার মুখোমুখি হতে পারেন। তাঁদের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিতে না পারলে তিনি ম্যাজিস্ট্রেটদের ঘটনাস্থল থেকে তাঁকে (জিল্লার রহমান) ফোন করার পরামর্শ দেন।
বিভাগীয় কমিশনার বলেন, ‘পরিস্থিতির অবনতি হবে বলে মনে হয় না।’

ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো। ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেছেন, এর আগে যখন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়; তখন মনোনয়নপত্র দাখিলের আগেই নয়জন নিহত হন। নির্বাচনের পর মারা যান নির্বাচিত তিন কাউন্সিলর। নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন আনায় এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ বজায় আছে।

ঢাকার জেলা প্রশাসক তোফাজ্জেল হোসেন ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার আসাদুজ্জামান প্রশাসন ও পুলিশ বাহিনীকে দল হিসেবে কাজ করার নির্দেশ দেন। দুজনেই বলেছেন, নির্বাচনটি স্বচ্ছ ও আনন্দমুখর করা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। তবে চ্যালেঞ্জ কোথায় কোথায় এবং কেন-তার ব্যাখ্যা অবশ্য দুই কর্মকর্তার কেউই দেননি।

তোফাজ্জেল হোসেন ম্যাজিস্ট্রেটদের ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। দায়িত্ব পালনে বিচ্যুতি হলে তাঁদের জবাবদিহির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন।