'প্রযুক্তি দারিদ্র্য দূর করবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা ও ধারণা নিয়ে চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। চট্টগ্রাম জেলা প্রশাসন এই মেলার আয়োজক। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, তরুণ প্রজন্মের অনেকেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হচ্ছেন। ডিজিটাল বাংলাদেশের দর্শনই ছিল প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়া, দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া। দারিদ্র্য দূর করতে প্রযুক্তি ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ১৬২৬৩ নম্বরে ফোন করে এখন যে কেউই বিনা মূল্য স্বাস্থ্যসেবা নিতে পারছেন। প্রতিদিন গড়ে পাঁচ থেকে সাত হাজার মানুষ এ সেবা গ্রহণ করছেন। শুধু স্বাস্থ্য নয়, শিক্ষা, প্রশাসন, কৃষিসহ সবক্ষেত্রেই এখন ডিজিটালাইজেশন হচ্ছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান, এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল আজিম চৌধুরী।

মেলায় ১০০টি স্টল রয়েছে। কাল শনিবার পর্যন্ত মেলা চলবে।