চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে এসিড পানে আত্মহত্যার চেষ্টায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর এক সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সাড়ে চার মাস পর এ ব্যাপারে মামলা হলে পুলিশ গত বৃহস্পতিবার মোহাম্মদ ইব্রাহিম নামের ওই ছাত্রকে গ্রেপ্তার করে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের ছাত্রীটি দ্বিতীয় সেমিস্টারের ব্যবহারিক ক্লাস চলাকালে নাইট্রিক এসিড পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে শিক্ষক-শিক্ষার্থীরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়।এখনো ওই ছাত্রী সেখানে চিকিৎসাধীন আছেন। তবে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। পুলিশ জানায়, ছাত্রীর বাবা বাদী হয়ে গত বুধবার হাটহাজারী থানায় একটি মামলা করেন। এতে মেয়েটির সহপাঠী ইব্রাহিম ও তাঁর মা-বাবাকে আসামি করা হয়। এ ঘটনায় ইনস্টিটিউট কর্তৃপক্ষ গত ৯ জুলাই অধ্যাপক মোহাম্মদ আল-আমীনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি সম্প্রতি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক খালেদ মিসবাহুজ্জামানের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম তাঁকে এসিড পানে প্ররোচিত করেন বলে প্রমাণ পওয়া গেছে।ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মিসবাহুজ্জামান প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।