‘পরিচয়ের অভাব এবং অজ্ঞতা সন্দেহ তৈরি করে। আর সন্দেহ থেকেই শত্রুতা, দ্বন্দ্ব ও সংঘাত তৈরি হয়। এখানে আমাদের মধ্যে গভীর পারস্পরিক বোঝাপড়া হয়েছে, যা শান্তি ও স্থিতিশীলতার পথ খুলে দেয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল চার দিন আগের চেয়ে এখন অবশ্যই অধিকতর নিরাপদ।’
৩৮তম প্রশান্ত মহাসাগরীয় সেনা ব্যবস্থাপনা সেমিনারের (প্যামস) সমাপনী অনুষ্ঠানে গতকাল বুধবার এ কথা বলেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সেনা কমান্ডের যৌথ উদ্যোগে ১৪ সেপ্টেম্বর রাজধানীর র্যাডিসন হোটেলে শুরু হয় চার দিনব্যাপী এই সেমিনার। এবারের সেমিনারে ২৪টি দেশের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে গতকাল বাংলাদেশের সেনাপ্রধান ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সেনা কমান্ডের প্রধান জেনারেল ভিনসেন্ট সেমিনারে অংশ নেওয়া দেশগুলোর প্রতিনিধিদলের প্রধানদের হাতে স্মারক ও সনদ তুলে দেন। এরপর জেনারেল ভিনসেন্ট ব্রুকস ৩৯তম প্যামসের অনুষ্ঠানস্থল হিসেবে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নাম ঘোষণা করেন। পরে জেনারেল ইকবাল করিম ভূইয়া ও জেনারেল ভিনসেন্ট ব্রুকস ইন্দোনেশিয়ার ব্রিগেডিয়ার জেনারেল আদি ইউদযাজার হাতে প্যামসের পতাকা তুলে দেন।
সমাপনী বক্তব্যে জেনারেল ভিনসেন্ট ব্রুকস বলেন, ‘এখানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেনাবাহিনীগুলোর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আমাদের চিন্তাভাবনা ও ভালো চর্চাগুলো বিনিময় করেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এখানে আমরা পরস্পরকে জানতে পেরেছি।’
সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও তাঁদের স্ত্রীরা উপস্থিত ছিলেন।