'প্রশাসন দায়িত্বশীল হলে সংঘর্ষ এড়ানো যেত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীলতার পরিচয় দিলে ১২ জানুয়ারি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো যেত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের নেতারা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ওই দিনের উদ্ভূত পরিস্থিতি প্রশাসনের ব্যর্থতার ফসল। সংবাদ সম্মেলনে চার দফা দাবি উত্থাপন করা হয়। এ সময় লিখিত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশিদুল সামির। ছাত্রজোটের চার দফা দাবি হলো: সন্ত্রাস, দখলদারি ও মৌলবাদমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা; ক্যাম্পাসে সাম্প্রদায়িক সংগঠন নিষিদ্ধ করা; সব শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা ও সেশনজটমুক্ত স্বাভাবিক শিক্ষাজীবন নিশ্চিত করা; ক্যাম্পাসে রাজনৈতিক ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী এবং ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত।