‘প্রশাসনকে রাজনীতিমুক্ত রাখতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাবেক ট্রাস্টি চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ বলেছেন, ‘সংসদ অধিবেশনে যা আলোচনা হয়, তা আমরা জানতে পারি। কিন্তু সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়, যা সাধারণ নাগরিক জানতে পারেন না। দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য এ তথ্য জানা প্রয়োজন। অসত্য নয়, আমরা সত্য তথ্য চাই।’তথ্য অধিকার দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটে টিআইবি-সমর্থিত সংগঠন ‘সচেতন নাগরিক কমিটি’ (সনাক) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মোজাফ্ফর আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রশাসনকে নিরপেক্ষ ও রাজনীতিমুক্ত রাখতে হবে। প্রশাসন দক্ষ ও নিরপেক্ষ হলেই সঠিক তথ্য পাওয়া যাবে। দুর্নীতির বিরুদ্ধে লড়তে হলে আমাদের সঠিক তথ্য জানতে হবে।’নগরের একটি রেস্তোরাঁ-মিলনায়তনে ‘তথ্য অধিকার আইন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন সনাকের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী। লিখিত বক্তব্য পেশ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। লিখিত বক্তব্যের ওপর মুক্ত আলোচনায় অংশ নেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার, শিক্ষাবিদ মাহমুদুর রহমান, ব্যবসায়ী মুহিবুর রহমান, সাংবাদিক আজিজ আহমদ, উন্নয়নকর্মী রজব আলী খান প্রমুখ।মোজাফ্ফর আহমদ বলেন, তথ্য সবচেয়ে বেশি দরকার বঞ্চিত মানুষের। এ জন্য তথ্য অধিকারকে মানবিক অধিকার হিসেবে দেখতে হবে।