‘জামায়াত-শিবিরের সহিংসতা মোকাবিলা করতে প্রশাসনের ধারাবাহিক ব্যর্থতা রয়েছে। প্রশাসনে জামায়াত-শিবিরের লোক (এজেন্ট) ঘাপটি মেরে রয়েছে। এদের চিহ্নিত করে এখনই সিলেটের পবিত্র মাটি থেকে বিতাড়িত না করলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারবে না।’
সিলেটে জামায়াত-শিবিরের টানা হরতাল চালাকালে ১৪ দলের নেতার মালিকানাধীন রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় সিলেট জেলা ও নগর ১৪ দলের সভায় বক্তারা ওই সব কথা বলেন।
গত বুধবার রাতে সিলেটে জেলা ও নগর ১৪ দলের উদ্যোগে নগরের ইব্রাহিম স্মৃতি সংসদে ওই জরুরি সভা করা হয়। পবিত্র রমজান মাসে জামাত-শিবিরের হরতাল-নৈরাজ্যের বিরুদ্ধে জনসাধারণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় সভা থেকে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন, জেলা ন্যাপের সভাপতি সৈয়দ আবদুল হান্নান, জেলা জাসদের সভাপতি কলন্দর আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, মহানগর জাসদের সভাপতি জাকির আহমদ, সাধারণ সম্পাদক নাজাত কবির, মহানগর ন্যাপের সভাপতি মো. ইসহাক আলী, ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য সিকন্দর আলী ও জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আরিফ মিয়া বক্তব্য দেন।
বক্তারা মানবতা-বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সময় রমজান মাসে জামায়াত-শিবিরের টানা হরতাল পরিস্থিতি এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। রমজান মাসে নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ‘দীর্ঘ ৪২ বছর পর যখন দেশে একাত্তরের চিহ্নিত মানবতাবিরোধী অপরাধীদের বিচার কার্যক্রম চলছে, ঠিক তখনই এদের প্রেতাত্মা গণধিক্কৃত জামায়াত-শিবির চক্র দেশে একের পর এক নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। জনগণকে নিয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’