'প্রশাসনে সাম্প্রদায়িক লোক ঘাপটি মেরে রয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রদায়িক হামলার উসকানিদাতা ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল চট্টগ্রামে মিছিল করে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ নামের একটি সংগঠন। ছবিটি বিকেলে নগরের চের়াগী পাহাড় মোড় এলাকা থেকে তোলা l প্রথম আলো
সাম্প্রদায়িক হামলার উসকানিদাতা ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল চট্টগ্রামে মিছিল করে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ নামের একটি সংগঠন। ছবিটি বিকেলে নগরের চের়াগী পাহাড় মোড় এলাকা থেকে তোলা l প্রথম আলো

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের বিভিন্ন স্তরে জামায়াত এবং সাম্প্রদায়িক লোক ঘাপটি মেরে রয়েছে। এরাই নাসিরনগরসহ সারা দেশে মঠ-মন্দিরে হামলা ও সংখ্যালঘুদের নির্যাতন করছে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ‘সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ’ গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে এ সমাবেশের আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক শরীফ চৌহানের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা শাহ আলম।

সমাবেশে বক্তারা মন্দিরে হামলা, লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তি এবং হামলার উসকানিদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সিপিবির নেতা শাহ আলম বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সরকারি প্রতিষ্ঠান; এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও সাম্প্রদায়িক লোকজন লুকিয়ে আছে। সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে সর্বাত্মক উদ্যোগ প্রয়োজন। কারণ, তাদের ইন্ধন ও মদদে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার নেপথ্যে আন্তর্জাতিক ইন্ধন রয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের সেই চেতনা ধারণ করেই লড়াই চালিয়ে যেতে হবে।

সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন, বাংলাদেশকে রক্ষা করতে হলে সব প্রগতিশীল মানুষকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন অধ্যাপক ইদ্রিস আলী, কবি কামরুল হাসান, ন্যাপের নেতা মিঠুল দাশগুপ্ত, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, উদীচী চট্টগ্রামের সহসভাপতি সুনীল ধর, তরুণ উদ্যোগের যুগ্ম আহ্বায়ক ইউসুফ সোহেল, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি গোলাম সরোয়ার, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক রূপক চৌধুরী, কাউন্সিলর শৈবাল দাশ, প্রজন্ম ’৭১-এর সভাপতি সলিল চৌধুরী, খেলাঘরের সহসাধারণ সম্পাদক মোরশেদ আলম চৌধুরী প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকে বাংলার হিন্দু-মুসলমান একসঙ্গে শান্তিতে বসবাস করে আসছে। কিন্তু একশ্রেণির কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধনকে নষ্ট করতে এ হামলার ঘটনা ঘটিয়েছে।

 সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি নঈম উল ইসলাম। বক্তব্য দেন মহানগর উত্তর ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মহানগর দক্ষিণ ইসলামী ফ্রন্টের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দুল হক প্রমুখ।