'প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে দুই যমজ শিশুর একটি চুরির অভিযোগ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কিশোরগঞ্জ জেলা শাখা। গতকাল বুধবার কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে চিকিৎসক নেতারা বলেন, আলট্রাসনোগ্রামের প্রতিবেদন ভুল ছিল। ওই নারীর গর্ভে একটি সন্তানই ছিল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএমএর সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহাব। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি দীন মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক নৌশাদ খান, শিশুবিশেষজ্ঞ আবদুল হাই প্রমুখ। এতে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিশেষজ্ঞ মো. হাফিজুর রহমান বলেন, বেসরকারি যে স্বাস্থ্যকেন্দ্রের আলট্রাসনোগ্রামে রোগীর গর্ভে যমজ শিশু থাকার প্রতিবেদন দেওয়া হয়েছিল, সেটি ভুল ছিল। আসলে ওই নারীর গর্ভে একটি সন্তানই ছিল। এই ভুল প্রতিবেদনের কারণেই চিকিৎসকের বিরুদ্ধে নবজাতক চুরির মামলা হয়েছে। এমন ভুল প্রতিবেদন দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।

গত ৩১ ডিসেম্বর কিশোরগঞ্জ শহরের বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র নরসুন্দা রিভারভিউ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিস সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতি শামীমা আক্তারের সন্তান হয়। প্রসূতির দাবি, তাঁর দুটি সন্তানই হয়েছিল। পরে একটি সন্তান চুরি করা হয়। এই অভিযোগে ১০ জানুয়ারি করিমগঞ্জ উপজেলার জালুয়াবাদ গ্রামের শামীমা আক্তার কিশোরগঞ্জ শহরের নরসুন্দা রিভারভিউ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিস সেন্টারের গাইনি বিশেষজ্ঞ সার্জন তৌহিদুর রহমান জয় ও ক্লিনিকের পরিচালক মো. নাছির উদ্দিনকে আসামি করে কিশোরগঞ্জের নারী-শিশু নির্যাতন দমন ও মানব পাচার প্রতিরোধ ট্রাইব্যুনালে মামলা করেন।

তবে চিকিৎসক এ অভিযোগ অস্বীকার করে আসছেন।