'প্রস্তাবিত তামাক কর-এ জনস্বাস্থ্য সুরক্ষা হবে না'

প্রস্তাবিত তামাক কর জনস্বাস্থ্য সুরক্ষা করবে না বরং বহুজাতিক তামাক কোম্পানির মৃত্যু বিপণন বাড়াবে বলে মন্তব্য করেছেন তামাকবিরোধী বিভিন্ন সংগঠন।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে তামাক কর বিষয়ে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করা হয়।
তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) উদ্যোগে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, এইড ফাউন্ডেশন, অধীর ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, এসিডি, ইপসা, সীমান্তিক, উবিনীগ, ইসি বাংলাদেশ, ডব্লিউবিবি ট্রাস্ট, টিসিআরসি, নাটাব, বিসিসিপি ও প্রত্যাশা সম্মিলিতভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্যস্তর প্রথা তুলে দিয়ে সুনির্দিষ্ট শুল্ক আরোপ করার দাবি করা হলেও প্রস্তাবিত বাজেটে এর কোনো প্রতিফলন নেই। মূল্যস্তর প্রথা রাজস্ব ফাঁকি উৎসাহিত করে। কাজেই এই প্রথা বিলুপ্ত না করলে ভবিষ্যতে তা কর ফাঁকির পথ আরও সুগম করবে। অতীতের মতোই এই জটিল কর কাঠামোর সুবিধা পাবে তামাক কোম্পানিগুলো।
বক্তারা বলেন, সিগারেটের ওপরের দুই স্তরে সম্পূরক শুল্ক মাত্র এক শতাংশ বৃদ্ধি করায় ভোক্তা পর্যায়ে এই দুই স্তরের সিগারেটের মূল্য বৃদ্ধির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। এর মাধ্যমে আবারও বহুজাতিক তামাক কোম্পানিগুলোকে অর্থমন্ত্রীর সুবিধা প্রদানের প্রয়াস চোখে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
সংবাদ সম্মেলনে ২০১৬-১৭ সালের চূড়ান্ত বাজেটে অন্তর্ভুক্তির জন্য সিগারেটের মূল্যস্তর প্রথা তুলে দেওয়া, সব ধরনের সিগারেটের খুচরা মূল্যের ওপর ৭০ শতাংশ সমপরিমাণ সুনির্দিষ্ট শুল্ক আরোপ করার সুপারিশ করা হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক আবদুল মালিক, ‘আত্মা’র আহ্বায়ক মর্তুজা হায়দার, উবিনীগ-এর নির্বাহী পরিচালক ফরিদা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘আত্মা’র সহকারী আহ্বায়ক নাদিরা কিরণ।