'প্রস্তাবিত তামাক কর-ব্যবস্থায় তামাক ব্যবসা সুরক্ষা পাবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাকবিরোধী সংগঠনগুলো সম্মিলিতভাবে জাতীয় প্রেসক্লাবে তামাক কর-বিষয়ক বাজেট-পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। ছবি: সংগৃহীত
তামাকবিরোধী সংগঠনগুলো সম্মিলিতভাবে জাতীয় প্রেসক্লাবে তামাক কর-বিষয়ক বাজেট-পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। ছবি: সংগৃহীত

তৃতীয় অর্থবছরের মতো এবারও সিগারেটের মূল্য ও করহার অপরিবর্তিত রাখা হয়েছে। তামাক কর-বিষয়ক বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে গতকাল শনিবার এ কথা বলা হয়।

গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) উদ্যোগে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি), ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা), ন্যাশনাল অ্যান্টি টোব্যাকো প্ল্যাটফর্ম ও তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) সম্মিলিতভাবে তামাক কর-বিষয়ক বাজেট-পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘বাংলাদেশে নিম্নস্তরের সস্তা সিগারেটের ভোক্তাই সবচেয়ে বেশি। তাই চূড়ান্ত বাজেটে নিম্নস্তরের প্রতি দশ শলাকা সিগারেটের মূল্য ৩৫ টাকা করার দাবি জানাচ্ছি।’

তামাকপণ্য রপ্তানি উৎসাহিত করাকে ‘অনৈতিক’ আখ্যা দিয়ে জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক বলেন, ‘আমাদের দেশে তামাক উৎপাদন করে অন্য দেশের জনগণকে সস্তায় তামাক ব্যবহারে উৎসাহিত করা অনৈতিক। আমরা কেবল তামাকমুক্ত বাংলাদেশই নয়, বরং তামাকমুক্ত বিশ্ব গড়তে চাই।’

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমানা হক। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে সিগারেটের চারটি মূল্যস্তর বহাল রাখায় ভোক্তার স্তর পরিবর্তনের সুযোগ অব্যাহত থাকবে, যা তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের পথে অন্তরায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তামাকবিরোধীদের পক্ষ থেকে ২০১৮-১৯ অর্থবছর বাজেটে বহু স্তরভিত্তিক করকাঠামোর পরিবর্তে সিগারেটের ক্ষেত্রে দুটি মূল্যস্তর প্রচলন এবং সম্পূরক শুল্কের একটি অংশ সুনির্দিষ্ট কর আকারে আরোপ করার দাবি জানানো হয়। কিন্তু প্রস্তাবিত বাজেটে এর কোনো প্রতিফলন নেই।

অর্থমন্ত্রী ২০৩০ সালের মধ্যে বিড়ির উৎপাদন বন্ধ করার ঘোষণা দিলেও তা বাস্তবায়নের কোনো দিকনির্দেশনা না দেওয়ায় এর কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করে তামাকবিরোধী সংগঠনগুলো। প্রস্তাবিত বাজেটে প্রক্রিয়াজাত তামাকপণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ রপ্তানি শুল্ক প্রত্যাহার করা নিয়ে সংগঠনগুলো বলছে, এটি নিন্দনীয় ও চরম জনস্বাস্থ্যবিরোধী পদক্ষেপ।