ফেনীতে উপজেলা পরিষদের নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও জোর করে সিল মারাসহ নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী।
গত বৃহস্পতিবার ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মিজানুর রহমান শহরের রামপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ‘প্রহসনের’ নির্বাচন বাতিল করে ফেনী সদর উপজেলা ও পরশুরামে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানানো হয়। এ ছাড়া ১৯-দলীয় জোট কাল রোববার ফেনী জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।
সংবাদ সমেঞ্চলনে তিনজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছাড়াও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এ কে এম সামসুদ্দিনসহ ১৯-দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ফেনী সদর উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী সৈয়দ মিজানুর রহমান অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুর রহমানের পক্ষে ভোটকেন্দ্র দখলের জন্য গত শনিবার জেলার বিভিন্ন স্থান থেকে দলীয় লোকজন আনা হয়। তাঁরা গত বুধবার রাত থেকে সশস্ত্র অবস্থায় বিভিন্ন এলাকায় মহড়া দেন। তাঁরা ভোটারদের ভয়ভীতি দেখান ও ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেন। আওয়ামী লীগের নেতা-কর্মীরা সকালে ফেনী সদর উপজেলার ১১৯টি কেন্দ্রের মধ্যে পাঁচ-সাতটি কেন্দ্র ছাড়া সব কেন্দ্র জোর করে দখল করে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেন ও ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢোকান। বিভিন্ন কেন্দ্রে বিএনপির কমপক্ষে ২০ জন কর্মীকে মারধর ও কুপিয়ে আহত করা হয়। তিনি বলেন, স্থানীয় প্রশাসনকে বারবার এসব অনিয়মের বিষয়ে জানানো হয়। কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায়নি।
সৈয়দ মিজানুর রহমান ‘ভোট ডাকাতি ও প্রহসনের’ নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানান। তিনি কাল ফেনী জেলায় সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল আহ্বান করেন।
অন্যদিকে পরশুরাম উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব নির্বাচনের দিন বেলা ১১টার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীদের সহায়তায় বিএনপির নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেন। সকাল থেকে তাঁরা ভোটকেন্দ্র দখল করে তাঁর এজেন্টদের বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারা শুরু করেন।
এদিকে বৃহস্পতিবার ফেনী সদর ও পরশুরাম উপজেলা পরিষদের নির্বাচন চলাকালে আওয়ামী লীগের কর্মীরা সকালেই বিভিন্ন ভোটকেন্দ্র নিয়ন্ত্রণে নেন বলে অভিযোগ ওঠে। এসব কেন্দ্রে আওয়ামী লীগের নেতা-কর্মীদের তৎপরতা দেখা গেলেও বিএনপির নেতা-কর্মীদের দেখা যায়নি।
সূত্র জানায়, সকাল নয়টার দিকে ফেনী সদর উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে দুর্বৃত্তরা ৬০০ ব্যালট পেপার ও দুটি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। এতে প্রায় দেড় ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে আবার ভোট গ্রহণ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ১০টার দিকে ফেনী পৌরসভার সালাহ উদ্দিন উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন আওয়ামী লীগের কর্মীরা। এ সময় বিএনপির সমর্থকদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে বিজিবি ও পুলিশের সদস্যরা লাঠিপেটা করেন ও কয়েকটি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ১০টার দিকে কাজীরবাগ হাইস্কুল কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরে আওয়ামী লীগের কর্মীরা ওই কেন্দ্রের নিয়ন্ত্রণ নেন। লস্করহাট এসসি লাহা হাইস্কুল কেন্দ্রও আওয়ামী লীগের কর্মীদের নিয়ন্ত্রণে চলে যায়।
সকাল নয়টার দিকে ফেনী জিএ একাডেমি হাইস্কুল কেন্দ্রে শুধু আওয়ামী লীগের কর্মীদের দেখা যায়। সেখানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর এজেন্টরা ভোটারদের হাত থেকে ব্যালট নিয়ে সিল মেরেছেন বলে অভিযোগ করেন ভোটাররা।
এ ছাড়া বিভিন্ন ভোটকেন্দ্রে দিনভর ভোটার উপস্থিতি ছিল খুবই কম।
নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন এলাকার ভোটাররা অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মীরা বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের সমর্থক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেন। ফলে অনেকেই ভয়ে ভোটকেন্দ্রে যাননি।
প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, পরশুরাম উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা প্রাধান্য বিস্তার করেন। সেখানের ভোটারের উপস্থিতিও ছিল কম। পরে বেশির ভাগ ভোটকেন্দ্র আওয়ামী লীগের কর্মীদের নিয়ন্ত্রণে চলে যায়।