'প্রাকৃতিক গ্যাসের যথাযথ ব্যবহারের বিকল্প নেই'
বাংলাদেশকে শিল্পসমৃদ্ধ করতে প্রাকৃতিক গ্যাসের যথাযথ সরবরাহ ও ব্যবহারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী। তিনি বলেন, শিল্পকারখানা চালু রাখতে প্রয়োজন বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস। সরকার এ বিষয়ে সতর্ক আছে।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) পাইপলাইন স্থাপনের অগ্রগতি, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আওতাভুক্ত জাহাজ থেকে পাইপলাইনের মাধ্যমে তেল খালাসের (সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম) প্রকল্পের অগ্রগতি এবং বাপেক্সের আওতাভুক্ত রূপকল্প-২০২১-এর আওতায় গ্যাসকূপ খননের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম ত্বরান্বিতকরণের বিষয়ে আলোচনা সভায় সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে।
গতকালের সভায় বিপিসির চেয়ারম্যান ও সরকারের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মানসুর মো. ফয়জুল্লাহ, বিপিসির পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে বিপিসির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএ প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, কেইপিজেড দিয়ে পাইপলাইন স্থাপনের কাজে বাধা দেওয়া হচ্ছে। কেইপিজেডের পরিবর্তে পার্শ্ববর্তী এলাকা দিয়ে পাইপলাইন স্থাপন করতে হলে অনেকগুলো বাড়ি সরিয়ে নিতে হবে।
পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মানসুর মো. ফয়জুল্লাহ বলেন, দেশে প্রাকৃতিক গ্যাসের মজুত কমে আসছে। রান্না ও গাড়ি চালানোর কাজে গ্যাস শিল্পকারখানায় স্থানান্তর করা প্রয়োজন। বাংলাদেশ প্রাকৃতিক গ্যাসের ওপর ভাসছে—এসব কথা এখন অতীত। এ জন্য সরকার এলএনজি গ্যাস সরবরাহের পরিকল্পনা নিচ্ছে।