'প্রাণ দিয়ে হলেও ব্যালট রক্ষা করা হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগের সেই পরিবেশ নেই। উপজেলার লোকজন এখন অনেক শান্ত। তারপরও কেউ সন্ত্রাসী কার্যকলাপের চেষ্টা করলে প্রাণ দিয়ে হলেও ব্যালট রক্ষা করা হবে।’
ফটিকছড়ি উপজেলায় অনুষ্ঠেয় ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা–বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন। তিনি সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। ১৩ এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এখানে ২৩ এপ্রিল ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এতে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম, ফটিকছড়ির থানার পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া, ভূজপুর থানার পরিদর্শক মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ, উপজেলা প্রকৌশলী ম বিল্লাল হোসেন প্রমুখ।
সভায় চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী ওয়ার্ডের প্রার্থীরা তাঁদের মতামত তুলে ধরেন। বক্তব্যে বেশির ভাগ প্রার্থী তাঁদের শঙ্কার কথা জানান। বক্তপুরের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক-উল-আজম বলেন, সুষ্ঠু নির্বাচন করতে ইউনিয়নের সব কটি ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা দরকার।
রোসাংগিরী ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুদ্দিন বলেন, ‘শোনা যাচ্ছে কেউ কেউ ভোট ছিনিয়ে নেবে। এ নিয়ে আমরা শঙ্কিত।’
ভূজপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন বলেন, আগের মতো সন্ত্রাসীরা আবারও এলাকায় এসে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে। এসব বিষয়ে প্রশাসনকে নজর দিতে হবে।
রোসাংগিরী ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী আনোয়ারা বেগম বলেন, নারীরা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে।
সমিতির হাট ইউনিয়নের সদস্য পদপ্রার্থী আবুল কালাম নির্বাচন–সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগকেন্দ্র চালুর দাবি জানান।
এর জবাবে রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারাই অভিযোগকেন্দ্রের প্রধান। প্রার্থী বা ভোটার নির্বাচন–সংক্রান্ত অভিযোগ তাঁদের দপ্তরে জানাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটাররা ভীতিমুক্ত পরিবেশে গিয়ে ভোট দিতে পারবেন।