‘প্রাণ দেব, তবুও গাছ কাটতে দেব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই চা-বাগানের কর্তৃপক্ষ চায়ের আবাদ বাড়াতে স্থানীয় একটি আদিবাসী খাসিয়াপল্লির পানের জুম থেকে কয়েক হাজার গাছ কর্তনের উদ্যোগ নিয়েছে। এ নিয়ে বাগান কর্তৃপক্ষ ও খাসিয়াপল্লির বাসিন্দাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।জানা গেছে, ঝিমাই চা-বাগানের কর্তৃপক্ষ বাগানের প্রায় ১০০ একর জায়গার বিভিন্ন প্রজাতির দুই হাজার ৯৬টি গাছ কাটতে বছর খানেক আগে চা বোর্ড থেকে প্রাথমিক অনুমতি পায়। কিন্তু চূড়ান্ত অনুমতির বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৩ ফেব্রুয়ারি সকালে বন বিভাগ ও বাগানের লোকজন গাছগুলো চিহ্নিত করতে জুমে ঢুকলে খাসিয়ারা বাধা দেয়।ঝিমাই চা-বাগানের পাশ ঘেঁষে খাসিয়াপল্লির অবস্থান। আশপাশের বেশ কয়েকটি টিলায় খাসিয়ারা পানের জুম করেছে। এসব টিলায় জাম, কাঁঠাল, আওয়াল, বনাক, চাম, কদমসহ বিভিন্ন জাতের ছোট-বড় ফলদ ও বনজ গাছগাছালি আছে। গাছগুলোর গোড়া থেকে পানের গাছ ওপরের দিকে লতিয়ে উঠেছে। এ ছাড়া গাছগাছালির নিচে আছে প্রাকৃতিক বন।পল্লির হেডম্যান (প্রধান) আইডিস সুরং (৫৫) জানান, দীর্ঘদিন ধরে খাসিয়া সম্প্রদায়ের ৭০টি পরিবারের প্রায় ৩০০ জন লোক পল্লিতে বসবাস করছে। আইডিস সুরং ক্ষোভের সঙ্গে বলেন, ‘জুমে ৮-১০ হাজার পানের গাছ আছে। পান চাষই খাসিয়াদের একমাত্র জীবিকা। গাছ কাটা পড়লে পানগাছ তো আর থাকবে না। আমরা বাঁচব কীভাবে? প্রাণ দেব, তবুও আমরা গাছ কাটতে দেব না।’বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন সরকার দাবি করে বলেন, খাসিয়ারা যে জায়গায় থাকে বা যেখানে পানের জুম করেছে, তা বাগানের। তারা অবৈধভাবে দখল করে সেখানে বাস করছে। চা বোর্ড থেকে প্রায় ১০০ একর জায়গায় আবাদের অনুমতি পাওয়া গেছে। এ ক্ষেত্রে গাছ কাটা ছাড়া বিকল্প নেই।কুলাউড়া রেঞ্জের বন কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, বাগান এলাকার মধ্যে মাত্র ৩০০-৪০০টি গাছ চিহ্নিত করা গেছে। কিন্তু খাসিয়াদের বাধায় জুমের গাছগুলো চিহ্নিত করা যাচ্ছে না।কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান চৌধুরী বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। বিরোধ মিটমাটের চেষ্টা চলছে। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘গাছ কাটার চূড়ান্ত অনুমতি পাওয়া যাবে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে। তবে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি হলে আমরা কোনোভাবেই গাছ কাটার অনুমতি দিতে সুপারিশ করব না।’