'প্রাণভিক্ষা চাওয়া না-চাওয়া নিজামীর নিজস্ব বিষয়'
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ায় বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি আসামিপক্ষের আইনজীবী এস এম শাহজাহান। তিনি বলেছেন, নিজামী এখন প্রাণভিক্ষা চাইবেন কি না, এটা তাঁর নিজস্ব বিষয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদন আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়ার পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন তাঁর অন্যতম আইনজীবী এস এম শাহজাহান।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ নিজামীর করা রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করেন। এতে তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল রয়েছে। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এই রায়ের মধ্য দিয়ে নিজামীর বিরুদ্ধে এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো।
একই বেঞ্চে গত মঙ্গলবার নিজামীর রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষ হয়। পরে আপিল বিভাগ আদেশের জন্য ৫ মে তারিখ ধার্য করেন।
পুনর্বিবেচনার রায় কোনো মামলার বিচারিক প্রক্রিয়ার সবশেষ ধাপ। আজ বৃহস্পতিবার আপিল বিভাগ পুনর্বিবেচনার আবেদন খারিজ করায় সবশেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ থাকছে নিজামীর। তিনি প্রাণভিক্ষা না চাইলে বা প্রাণভিক্ষার আবেদন খারিজ হলে তাঁর দণ্ড কার্যকরের বিষয়টি আসবে।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী।
ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখে চলতি বছরের ৬ জানুয়ারি রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ১৫ মার্চ আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর ২৯ মার্চ নিজামীর আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রায় পুনর্বিবেচনার আবেদন জমা দেন।