'প্রাণী কমে গেলে মানুষের অস্তিত্ব হুমকিতে পড়বে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ বিপর্যয় বিশ্বব্যাপী সমস্যা। এটি কোনো দেশের একক সমস্যা নয়। কোনো দেশের একার পক্ষে পরিবেশ সংরক্ষণ করাও সম্ভব নয়। পরিবেশকে বাঁচাতে যত তাড়াতাড়ি সম্ভব সব দেশকে একসঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সিনেট ভবনে বেলা ১১টায় এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক এ আতিক রহমান। তিনি বলেন, পরিবেশ বিপর্যয় নিয়ে বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের কথা বলবে, কিন্তু সেগুলোকে সমন্বয় করে একসঙ্গে কাজ করতে হবে। তেল, গ্যাস, পানি সব শেষ হয়ে যাবে, তারপর পদক্ষেপ নেব, এ চিন্তা করলে হবে না। পরিবেশের বিপর্যয় অর্থনৈতিক উন্নয়ন ও ধারণযোগ্য উন্নয়নকে ব্যাহত করছে। গ্রিন হাউস গ্যাস নির্গমন প্রতিরোধে অনেক প্রযুক্তি ইতিমধ্যে তৈরি হয়েছে। রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে এই প্রযুক্তির বাস্তবায়ন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, পরিবেশের প্রতিটি উপাদান একে অপরের সঙ্গে সম্পর্কিত। সব মিলিয়ে প্রকৃতিতে এক ধরনের ঐক্য বিরাজ করে। নির্বিচারে প্রাণী হত্যা চলছে, কিন্তু পরিবেশে প্রাণীর সংখ্যা কমে গেলে একদিন মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। পরিবেশের ঐক্য বিনষ্ট হয়ে গেলে মানুষের কিছুই থাকবে না।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে হুমকির মধ্যে আছে বাংলাদেশ। বাংলাদেশের উপকূলীয় এলাকায় পানিতে লবণাক্ততা বাড়বে। হাওর অঞ্চলে বন্যা ও বরেন্দ্র অঞ্চলে দেখা দেবে খরা।
পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের পরিচালক অধ্যাপক মনজুর হোসেন, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক আবুল কালাম আজাদ এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক এম মিজানুর রহমান।
এর আগে সকাল ১০টায় পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট চত্বরে গাছের চারা রোপণ করে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। সেখানে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাবের পক্ষ থেকেও বৃক্ষ রোপণ করা হয়। এরপর একটি শোভাযাত্রা বের হয়ে সিনেট ভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সেমিনার অনুষ্ঠিত হয়।