'প্রান্তিক মানুষের আইনি সহায়তায় চাই উদ্যোগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে আইনি সহায়তা দিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ জরুরি।
‘সুপ্রিম কোর্টে সরকারি আইন সহায়তা: প্রেক্ষিত আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০-এর সাম্প্রতিক সংশোধনী’ শীর্ষক এক সভায় এ মত দিয়েছেন বিশিষ্টজনেরা। সরকারের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও বেসরকারি সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন গতকাল সোমবার রাজধানীর ব্র্যাক ইনে এ সভার আয়োজন করে।
আর্থিকভাবে অসমর্থ, বিধবা ও প্রতিবন্ধীদের সরকারিভাবে আইনি সহায়তা দিতে আইনগত সহায়তা প্রদান আইন পাস হয় ২০০০ সালে।
আইনটি পাস হওয়ার পরও এর থেকে সুবিধা পেত খুব কম লোকই। গতকালের সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ অমিনুল ইসলাম জানান, ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত আইন সহায়তা তহবিলে বরাদ্দ অর্থের মাত্র ৩ শতাংশ ব্যয় হতো। তবে ২০০৯ সালে সংস্থা প্রতিষ্ঠার পর এখন পুরোটাই ব্যয় হয়।
২০০৯ সালে আইন সহায়তা প্রাপকের সংখ্যা যেখানে ছিল নয় হাজার ১৬০ জন, সেখানে ২০১৩ সালে এর পরিমাণ দাঁড়ায় ১৯ হাজার ৪৯৩।
২০০০ সালের আইনের নানা সীমাবদ্ধতা কাটাতে ‘মানুষের জন্য’ যেসব উদ্যোগ নেয়, সভায় এর বর্ণনা তুলে ধরেন সংগঠনের কর্মসূচি ব্যবস্থাপক রুমা ইসলাম। সুপ্রিম কোর্টের আইনি সহায়তা দেওয়ার বিধান রেখে নতুন সংশোধনী তৈরিতে সহায়তা করে সংগঠনটি। এ ছাড়া দেশের সাতটি জেলায় সহায়তা তহবিল সঠিকভাবে ব্যবহার এবং উপজেলা ও ইউনিয়নে সহায়তা কমিটি কার্যকর করতে কাজ শুরু করে।
সভায় জানানো হয়, সরকারি ও বেসরকারি উদ্যোগের ফলে ২০১৩ সালে সহায়তা আইনে সংশোধন এনে এখন সুপ্রিম কোর্টেও আইনি সহায়তা রাখার বিধান সংযুক্ত হয়েছে।
সভায় মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম আইনি সহায়তা নিপীড়িত মানুষের কাছে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি সব পক্ষের সদিচ্ছা ও সমন্বয়ের ওপর জোর দেন।
সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান, মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক খান মো. শহীদ প্রমুখ।