'প্রায় অকার্যকর' পাকিস্তান রাষ্ট্রের সঙ্গে তুলনা নয়: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক বোমা বানানো ছাড়া পাকিস্তান আর কোনো দিকে বাংলাদেশের চেয়ে এগিয়ে নেই। যাঁরা বাংলাদেশের সঙ্গে ‘প্রায় অকার্যকর’ পাকিস্তান রাষ্ট্রের তুলনা করেন, তাঁদের উচিত ভালোভাবে জেনেবুঝে কথা বলা। গতকাল রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পাকিস্তান আজ কোথায়? সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন সূচকসহ অন্তত ২৫টি সূচকে পাকিস্তান বাংলাদেশের চেয়ে পিছিয়ে। একটা বিষয়ে তারা এগিয়ে আছে। ধ্বংসের বোমা পারমাণবিক বোমায়। করাচিতে ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। প্রায় অকার্যকর রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে যাঁরা তুলনা করেন, তাঁদের বলব আজ পাকিস্তানের এই অবস্থা।’

আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড একটি দেশি ও বিদেশি ষড়যন্ত্রের অংশ। বঙ্গবন্ধুকে হত্যার পর যেসব দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, এই হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা ছিল এটা নিশ্চিত। এ ব্যাপারে কোনো গবেষণার প্রয়োজন নেই।

শোক দিবসের আলোচনায় আরও বক্তৃতা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রসচিব কামাল উদ্দিন আহমেদ, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী।