সদ্যপ্রয়াত বাচিকশিল্পী ও অভিনেতা খালেদ খানকে ‘প্রিয় ফুল’ বলে সম্বোধন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়- এর ফিন্যান্স বিভাগের শিক্ষকেরা।
বিজনেস স্টাডিজ মিলনায়তনে গতকাল শনিবার ফিন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ফিন্যান্স বিভাগ আয়োজিত শোকসভায় শিক্ষক, বন্ধু ও সতীর্থরা তাঁকে স্মরণ করেন। খালেদ খান ফিন্যান্স বিভাগের দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলেন।
বিভাগের সাবেক শিক্ষার্থী অতিরিক্ত কৃষিসচিব আনোয়ার ফারুকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ বাকী খলীলী।
বিভাগের সাবেক শিক্ষক এম নাসিরউদ্দিন বলেন, ‘মেধাবী ছাত্র খালেদ খান মানুষ হয়েছিল। এটাই আমার গর্ব। শিক্ষকতাটা আমার কাছে বাগান করার মতো। বাগানে অনেক ফুলই ফোটে। খালেদ খান আমাদের প্রিয় ফুল।’
ছাত্র থাকাকালীন বিভাগের চেয়ারম্যান এ এইচ এম হাবিবুর রহমান বলেন, ‘খালেদ ছিল মেধাবী, বিনয়ী, লাজুক ও স্বাপ্নিক। ওর মতো মানুষ আমার ছাত্র ছিল বলে আমি অহঙ্কার করি।’
বিভাগের প্রথম ব্যাচের ছাত্র কণ্ঠশিল্পী শেলু বড়ুয়া বলেন, নাট্যজগতে নিজের অনন্য বৈশিষ্ট্য তৈরি করতে পেরেছিলেন খালেদ খান।
অন্য শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান মাসুদ রহমান, এম ফরিদ আহমেদ, সুবর্ণ বড়ুয়া, খালেদ খানের বন্ধু সুপ্রিম কোর্টের আইনজীবী আলাউদ্দিন আহমেদ, প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক ফখরুল ইসলাম প্রমুখ।