'প্রিয়ক বেঁচে থাকবেন তাঁর কর্মে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়কের জন্য খোলা শোকবই। চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৬ মার্চ। ছবি: সংগৃহীত
প্রিয়কের জন্য খোলা শোকবই। চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৬ মার্চ। ছবি: সংগৃহীত

নেপালে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত আলোকচিত্রী এফ এইচ প্রিয়কসহ সবার স্মরণে আজ শুক্রবার বিকেলে স্মরণসভার আয়োজন করে থ্রু দ্য লেন্স (টিটিএল) নামের ফটোগ্রাফি-বিষয়ক একটি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এ সভায় অংশ নেন প্রয়াত প্রিয়কের সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। 

স্মরণসভাটি পরিচালনা করেন আলোকচিত্রী এবং টিটিএলের প্রধান সৌদ আল ফয়সাল। তিনি বলেন, শুধু আলোকচিত্রী হিসেবে নয়, ফটোগ্রাফির একজন সংগঠক হিসেবেও প্রিয়ক স্মরণীয়।
প্রিয়ক সম্পর্কে বলতে গিয়ে বিশিষ্ট আলোকচিত্রী ও সংগঠক আক্কাস মাহমুদ বলেন, মানুষ বেঁচে থাকে তার সৃষ্টির মধ্যে। প্রিয়ক তাঁর কর্মের মধ্যই আমাদের মধ্যে বেঁচে থাকবে। প্রিয়ককে হারানোর শোক আমাদের একত্র করেছে, আমরা যেন এভাবে একজোট হয়ে থাকতে পারি।

স্মরণসভা শেষে প্রিয়কসহ নিহত ব্যক্তিদের জন্য মোমবাতি প্রজ্বালন করা হয়। চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৬ মার্চ। ছবি: সংগৃহীত
স্মরণসভা শেষে প্রিয়কসহ নিহত ব্যক্তিদের জন্য মোমবাতি প্রজ্বালন করা হয়। চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৬ মার্চ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবের সভাপতি জয় কে রায় চৌধুরী বলেন, আলোকচিত্রীরা শিল্পী। শিল্পীর মৃত্যু মানেই তাঁর চলে যাওয়া নয়, তিনি তাঁর কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন।
ফ্রিল্যান্স আলোকচিত্রী কে এম আসাদ বলেন, যখন শুনলাম উড়োজাহাজ দুর্ঘটনায় আমাদের একজন আলোকচিত্রীও নিহত হয়েছেন, তখন মনে হলো নিজের লোকটাই চলে গেল। যদিও প্রিয়কের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল না।
স্মরণসভায় আরও কথা বলেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) বর্তমান সাধারণ সম্পাদক ইউসূফ তুষারসহ আরও অনেকে।
স্মরণসভায় প্রিয়কের বন্ধুরা প্রিয়কের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রিয়কসহ নিহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্বালন। চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৬ মার্চ। ছবি: সংগৃহীত
প্রিয়কসহ নিহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্বালন। চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৬ মার্চ। ছবি: সংগৃহীত

সভায় প্রিয়কের মৃত্যুতে খোলা শোক বইয়ে অনেকেই তাঁকে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন। সভা শেষে প্রিয়কসহ নিহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়।
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় ৫১ জন নিহত হন। এঁদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। উড়োজাহাজে ছিলেন প্রিয়ক, তাঁর স্ত্রী অ্যানি ও তাঁদের মেয়ে প্রিয়ন্তী। অ্যানি বেঁচে গেলও নিহত হন প্রিয়ক ও প্রিয়ন্তী।