'প্রেস কাউন্সিল সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে'
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, তাঁদের জন্য নির্ধারিত বেতনকাঠামো বাস্তবায়ন ও চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণে প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে। সারা দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের মতামতের ভিত্তিতেই তাঁদের জন্য প্রেস কাউন্সিল থেকে সনদ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের সার্কিট হাউস মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রণীত আচরণবিধি সম্পর্কিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন এই সভা আয়োজনে সহযোগিতা করে।
সভায় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, মানিকগঞ্জের পৌর মেয়র রমজান আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস। সভায় জেলা ও দায়রা জজ এ কে এম মোস্তফা দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা সভায় উপস্থিত ছিলেন।
মমতাজ উদ্দিন আহমেদ বলেন, দেশে বর্তমানে ৫ হাজার ৩০০টি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে। এসব অনলাইন নিউজ পোর্টাল নীতিমালার মধ্যে নিয়ে আসার কাজ চলছে। আগামী ছয় মাসের মধ্যে অনলাইন নীতিমালা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মমতাজ উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননা কিংবা মানহানির মামলার বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। বর্তমানে প্রচলিত বিচারিক আদালত থেকে সাংবাদিকদের প্রেস কাউন্সিলের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এতে প্রেস কাউন্সিলের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলার নিষ্পত্তি করা সম্ভব হবে।