'প্রেসক্রিপশন' অনুযায়ী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের ‘প্রেসক্রিপশন’ অনুযায়ী বিএনপি সামনে আরও কঠোর কর্মসূচিতে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ মন্তব্য করেন।
মওদুদ ১৯৯৪-৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আওয়ামী লীগের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, সরকার সমঝোতায় না এসে সংঘাতে গেলে এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইলে বিএনপির কাছে কোনো বিকল্প থাকবে না। আওয়ামী লীগের সে সময়ের প্রেসক্রিপশন হাতে আছে, সেই অনুযায়ী সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
১৯৯৪-৯৫ সালের বিভিন্ন দিনের পত্রিকার উদ্ধৃতি দিয়ে মওদুদ বলেন, ‘সে সময়কার বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা বলেছিলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। আজ আমরাও বলি, এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। শেখ হাসিনা বলেছিলেন, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ আমাদেরও দাবি, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’ মওদুদ আহমদ হরতালে প্রাণহানির জন্য সরকারকে দায়ী করে বলেন, এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ভবিষ্যতে বিচারের মুখোমুখি করা হবে।
অগ্নিসেনা সংসদ নামের একটি সংগঠন আয়োজিত এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংসদ সৈয়দা আসিফা আশরাফি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আহমদ আজম খান প্রমুখ।