'প্রয়োজন অল্প জমিতে পরিকল্পিত আবাসন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, যত্রতত্র শিল্পপ্রতিষ্ঠান গড়ে না তুলে অল্প জমিতে পরিকল্পিত আবাসন দরকার। ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার ‘জাতীয় ভূমি জোনিং প্রকল্প’ বাস্তবায়ন করছে।
গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ‘ভূমি জোনিং’ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
ভূমিমন্ত্রী বলেন, ঘরবাড়ি, শিল্পকারখানা, স্কুল-কলেজ সবই জমিতে হবে। কিন্তু তা আইন বা নীতিমালা মেনেই করতে হবে। একজন কৃষক গৃহপালিত গরু নিয়ে আটতলা ভবনে থাকতে চাইবেন না। নীতিমালায় কৃষকের সুযোগ নিশ্চিত করতে হবে। তা ছাড়া কৃষিজমি, নদীনালা, খালবিল ও পাহাড়-পর্বতের সুরক্ষা করতে হবে।
ভূমিমন্ত্রী উপস্থিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা হলেন দেশের সবচেয়ে মেধাবী ব্যক্তি। আপনারা চাইলে দেশটাকে সোনার বাংলায় পরিণত করতে পারেন।’ তিনি বলেন, ভূমির সুষ্ঠু ব্যবহারের স্বার্থে অবৈধ দখলদার বা ভূমিদস্যুদের শায়েস্তা করতে হবে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) শংকর রঞ্জন সাহার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের জাতীয় ভূমি জোনিং প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. কফিল উদ্দিন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আল হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। কর্মশালায় ‘ভূমি জোনিং’ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প বিশেষজ্ঞ গোলাম মাহমুদ। পরে মুক্ত আলোচনায় অংশ নেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, রাঙামাটির জেলা প্রশাসক শামসুল আজিম, খাগড়াছড়ির জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, বান্দরবানের জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক প্রমুখ।
আবু আল হোসেন বলেন, প্রতিদিন প্রায় ২২০ হেক্টর আবাদি জমিতে অপরিকল্পিতভাবে ঘরবাড়ি, কলকারখানা, রাস্তা ও শিল্পকারখানা স্থাপিত হচ্ছে। এর ফলে আবাদি জমি হ্রাস পাচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে মাথাপিছু চাষযোগ্য জমি ১৪ শতক থেকে অর্ধেকের নিচে নেমে আসবে। এ পরিস্থিতি মোকাবিলায় ভূমি মন্ত্রণালয় ‘জাতীয় ভূমি ব্যবহার নীতি-২০০১’ প্রণয়ন করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমি জোনিংয়ের কাজ শুরু হয় ২০০৬ সালে। দেশের উপকূলীয় ১৯টি ও সমতলের দুটি জেলার ১৫২টি উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ২০১২ সাল থেকে তিন পার্বত্য জেলাসহ ৪৩ জেলার ৩২৭টি উপজেলায় জোনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০১৭ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।