‘প্রয়োজনে এক বেলা বাজার করব না’
জাতীয় সংসদের উপনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘বিশ্বব্যাংক টাকা দেয় নাই, তাতে কী হয়েছে? আমরা আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু করব। দরকার হলে এক বেলা বাজার করব না।’গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাজেদা চৌধুরী এসব কথা বলেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।সমাবেশে বক্তব্যের একপর্যায়ে সাজেদা চৌধুরী বলেন, ‘আমরা কারও তোয়াক্কা করি না। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমেরিকা তখনো আমাদের বিরুদ্ধে ছিল এবং পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করব। আমরা তোমাদের তোয়াক্কা করব না।’নয় বছর পর গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ছাত্রলীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য এনামুল হক, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির ও এহতেশামুল হাসান, সহসভাপতি জয়দেব নন্দী প্রমুখ।