'প্লট বঞ্চিত' ফিরোজকে গানের সুরে সেলিমের সান্ত্বনা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ না পাওয়ায় সংসদে আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ।
এই আক্ষেপের পর গান গেয়ে তাঁকে সান্ত্বনা দেন স্বতন্ত্র সাংসদ হাজী মো. সেলিম।
আজ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় কাজী ফিরোজ রশীদ বলেন, বিগত সরকারের সময়ে পৌনে ৫০০ প্লট জালিয়াতি হয়েছে। এক-এগারোর সরকার প্লটের জন্য দরখাস্ত আহ্বান করে। তিনি বলেন, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমরা ২১ জন আবেদন করেছিলাম। তত দিনে নির্বাচন হয়ে আওয়ামীলীগ ক্ষমতা গ্রহণ করে। ১৯ জন বরাদ্দ পেল। বাদ পড়ে দুজন, আমি আর আমার ছেলে।’
ফিরোজ রশীদ বলেন, ‘তখন প্রতিমন্ত্রী ছিলেন আবদুল মান্নান খান। তিনি আমাকে বলেন, “আপনারা ভিন্ন রাজনীতি করেন বলে প্লট দেওয়া হলো না। এ নিয়ে জানতে চাইবেন না, প্রধানমন্ত্রীর নির্দেশ আছে। ”
এরপর জাতীয় পার্টির এই নেতা প্রশ্ন তুলে বলেন, ‘তাহলে কি প্রধানমন্ত্রী মন্ত্রীকে দিয়ে পৌনে পাঁচ শ প্লট জালিয়াতি করিয়েছেন? এত বড় দুর্নীতি বাংলাদেশে আগে হয়নি। ৫০টি প্লটের কোনো হিসাব নেই। বরাদ্দ বাতিল করা ৬৪ জনকে মন্ত্রী আবার পরে প্লট দিলেন। আবেদন না করেই প্লট পান ১৬ জন।’
স্পিকারের উদ্দেশে ফিরোজ বলেন, ‘আমি প্লট চাই না। শুধু একটাই দুঃখ, আমার ছেলে বলেছে, “বাবা, তোমার সন্তান বলে আমি প্লট পেলাম না। ”’
আবদুল মান্নান খানকে উদ্দেশ করে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আমরা যখন বঙ্গবন্ধুর সঙ্গে জেল খেটেছি; মুক্তিযুদ্ধ করেছি; তিনি (আবদুল মান্নান খান) তখন অন্য জগতের মানুষ। মন্ত্রী হলে এরা দেশটাকে বিক্রি করে দেয়। এরা হাইব্রিড নেতা। এরা আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে। এর কৈফিয়ত দিতে হবে।’
ফিরোজ রশীদের এই বক্তব্যের পর হাজী সেলিম তাঁকে সান্ত্বনা দেন। তিনি গানে গানে বলেন, ‘থাকব না আর এই দেশে, চলরে মন আপন দেশে।’ এরপর তিনি বলেন, ‘ফিরোজ ভাই, জায়গা-জমি কিছুই সঙ্গে যাবে না। খালি হাতে যেতে হবে।’