'প্লিজ আপনারা একটু সচেতন হন'
চার জেলার ৪৭ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় স্বাভাবিক প্রসবের কার্যক্রম চালাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। সাড়ম্বরে সে তথ্যই জানাচ্ছিলেন অধিদপ্তরের কর্মকর্তারা। কিন্তু নানা পক্ষের প্রশংসা জুটলেও অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন বললেন, ‘কেন্দ্রের সংখ্যা তো এক হাজার ৪৪১টি। বাকিগুলোয় কী হচ্ছে? আপনারা প্লিজ একটু সচেতন হন।’
আজ রোববার রাজধানীর একটি হোটেলে ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র পরিচালনা সহায়িকার মোড়ক উন্মোচন ও সার্বক্ষণিক নিরাপদ প্রসব সেবা কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছিল পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও প্ল্যান ইন্টারন্যাশনাল। এতে আর্থিক সহায়তা দেয় কানাডা সরকারের বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য ও উন্নয়ন বিভাগ।
অনুষ্ঠানে জানানো হয়, দিনাজপুরের চিরিরবন্দর, নীলফামারীর জলঢাকা ও ডোমার, লালমনিরহাটের হাতিবান্ধা এবং বরগুনা সদর উপজেলার ৪৭টি কেন্দ্রে মায়েরা নিরাপদে স্বাভাবিকভাবে সন্তান প্রসব করছেন। দক্ষ হাতে সন্তান প্রসবের হার এই অঞ্চলগুলোয় ২৯ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ৪৭ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। প্রসবের আগে-পরে মায়েরা স্বাস্থ্য পরীক্ষা করাতে যাচ্ছেন। কার্যক্রমটিতে সহযোগিতা করছে প্ল্যান ইন্টারন্যাশনাল। এ কর্মসূচির সফলতার বৃত্তান্ত প্রকাশ করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মা ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শরীফ বলেন, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তর নীরবে কাজ করে যায়। কোনো প্রচার নেই। একদম এই সরকারের মতো। আমাদের অনেক সংকট আছে। তা-ও এ নিয়েই আমরা কাজ করে যাব।’
মা ও শিশু মৃত্যুর হার কমানোয় বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমাকে যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, মনে হলো আমি একটা শান্ত জায়গায় এসেছি। তারপর দেখি এখানেও উত্তেজনা। কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কোনো ঝামেলা নেই।’
প্রতিমন্ত্রী জাহিদ মালেকও বলেন, মা ও শিশু মৃত্যুর হার কমানোর যে লক্ষ্যমাত্রা আছে ২০১৫ সালের মধ্যে তা অর্জন হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন বলেন, যে হারে মাতৃমৃত্যুর হার কমছে সে হারে এগিয়ে গেলে লক্ষ্যমাত্রা অর্জন না-ও হতে পারে। তিনি বলেন, ‘কমিউনিটি ক্লিনিকে তেমন সুযোগ-সুবিধা না থাকলেও চার শ থেকে সাড়ে চার শ ক্লিনিকে নিরাপদে দক্ষ হাতে প্রসব হচ্ছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রগুলোয় কী হচ্ছে? সেখানে তো ২৪ ঘণ্টা প্রসব হওয়ার মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা আছে। আমি আশা করেছিলাম, ৪৭টি কেন্দ্রের বাইরে যেগুলো আছে সেগুলোতে কত প্রসব, কীভাবে হচ্ছে—তার পূর্ণাঙ্গ তথ্য আপনারা দেবেন। আপনারা দেননি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, কানাডার বাংলাদেশ উন্নয়ন কর্মসূচির পরিচালক জেনেট ডুর্নো, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মো. নূর হোসেন তালুকদার, প্ল্যান ইন্টারন্যাশনালের এ দেশীয় পরিচালক সেননায়েত গেবরিগ জেবিয়ার প্রমুখ।