‘পড়াশোনার বালাই নেই’
ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে ১৬টি বিষয়ের মধ্যে ১০টি বিষয় পড়ানোর মতো কোনো শিক্ষক নেই। পাঁচটি বিষয়ে একজন করে মোট পাঁচজন; আর এক বিষয়ে আছেন দুজন শিক্ষক। এ ছাড়া একজন ক্রীড়া শিক্ষকসহ মোট আটজন শিক্ষক দিয়ে চলছে উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ৬৫০ শিক্ষার্থীর কলেজটি। কলেজটির বর্তমান এ অবস্থায় শঙ্কিত শিক্ষার্থীরা। তাঁরা পড়ালেখার কথা চিন্তা করে প্রয়োজনীয় শিক্ষকের দাবিতে আন্দোলনে নেমেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের কলেজ নিয়ে ভাবার সময় নেই।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ গোলাম রসুল জানান, ১৯৬৯ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯২ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। বর্তমানে কলেজে সাতজন শিক্ষক আছেন। আরেকজন আছেন ক্রীড়া শিক্ষক। অথচ কলেজে শিক্ষকের পদ রয়েছে ১৭টি।শিক্ষকরা জানান, জাতীয়করণের পর থেকে কলেজের দৈন্যদশা শুরু হয়েছে। সে সময় কর্মরত কিছু শিক্ষক জাতীয়করণের আওতায় গেলেও বাকি রয়ে যান অনেক শিক্ষক। এরপর কোনো শিক্ষক অবসরে গেলে সেই স্থানটি আর পূরণ করা হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র বলেন, ‘কলেজে পড়াশোনার বালাই নেই। যাওয়া-আসাই সার। প্রতিনিয়ত আমাদের জানিয়ে দেওয়া হয়, স্যার নেই, আমরা যেন বাড়ি চলে যাই।’শিক্ষার্থীরা জানান, প্রয়োজনীয় শিক্ষকের দাবিতে এরই মধ্যে আন্দোলনে নেমেছেন। গত এক সপ্তাহে তাঁরা দুই দফা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ গোলাম রসুল জানান, শিক্ষকেরা এখানে এসে থাকতে চান না। যোগাযোগব্যবস্থা ও কলেজে শিক্ষকদের থাকার ভালো ব্যবস্থা নেই। তাই তাঁরা বদলি হয়ে অন্যত্র চলে যান।