'ফরমালিন বিষয়ে কেবল বিশেষজ্ঞদের বক্তব্য দেওয়া উচিত'
খাদ্যদ্রব্য ও ফলমূলে ফরমালিনের অপপ্রয়োগ সম্পর্কে গণমাধ্যমে কেবল বিশেষজ্ঞদেরই বক্তব্য দেওয়া উচিত বলে মনে করেন রসায়নবিদেরা। তাঁদের মতে, যাঁরা এ বিষয়ে বিশেষজ্ঞ নন, জনস্বার্থে তাঁদের এ সম্পর্কে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত।
বাংলাদেশ রসায়ন সমিতি আয়োজিত ‘ভোগ্যপণ্য ও রসায়ন (কনজ্যুমার প্রোডাক্ট অ্যান্ড কেমিস্ট্রি)’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা এ মতামত ব্যক্ত করেন। রাজধানীর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মিলনায়তনে আজ শনিবার এ সেমিনার অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি জসীম উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিআইসির পরিচালক আবুল বাসার মিয়া। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. আবুল খায়ের। সেমিনারে অতিথি ছিলেন শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও বিসিআইসির চেয়ারম্যান মো. মুনসুর আলী সিকদার।
সেমিনারে বক্তারা বলেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব পর্যায়ে রসায়নের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রসায়নের ব্যবহারের ফলে উন্নতমানের ওষুধ, বস্ত্র, তৈজসপত্র, কসমেটিকস সামগ্রী, টয়লেট্রিজ সামগ্রী, ক্রোকারিজ সামগ্রী, প্লাস্টিক, সুগন্ধি, জুয়েলারি, চামড়াজাত পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের পণ্য তৈরি সম্ভব হয়েছে। ভোগ্যপণ্যের উত্কর্ষ, মাননিয়ন্ত্রণ ও স্থায়িত্বের জন্য রাসায়নিক পদার্থ ব্যবহূত হলেও অতিমাত্রায় রসায়নিকের ব্যবহার মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে তাঁরা উল্লেখ করেন।
শিল্পসচিব মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, সঠিক মাত্রায় রসায়নিকের ব্যবহার পরিবেশ সুরক্ষা, গুণগত মানের শিল্পায়ন, খাদ্যনিরাপত্তা ও সমৃদ্ধ জীবন নিশ্চিত করতে পারে। তিনি বলেন, পুরান ঢাকার কেমিক্যাল গুদাম সরিয়ে নিতে সরকার একটি কেমিক্যাল পল্লি স্থাপনের লক্ষ্যে কাজ করছে। তিনি গুণগত মানের শিল্পায়নের ধারা বেগবান করতে গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ খাতে বিনিয়োগকারী উদ্যোক্তাদের জন্য কর রেয়াত সুবিধা নিশ্চিত করতে রসায়নবিদদের সোচ্চার হওয়ার পরামর্শ দেন তিনি।
সেমিনারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল-নকীব চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাজমেরি এস এ ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মো. আবুল হাসেম, মো. আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।