'ফরিদপুরে চর ও ডাঙার বিভাজন আর থাকবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের অবহেলিত চর এলাকাকে উন্নত করতে নানা উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ফরিদপুরে চর ও ডাঙার বিভাজন আর থাকবে না। চরবাসীকে বঞ্চিত করার জন্য এ বিভাজন টানা হয়েছিল।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের আওতায় নকশিকাঁথা বুনন কৌশল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, চর এলাকায় যাতায়াতের সুব্যবস্থার জন্য ৩০ কোটি টাকা করে ব্যয়ে তিনটি সেতু নির্মাণ করা হবে।
মন্ত্রী বলেন, নকশিকাঁথার এ কোর্সটির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে নারীরা আয়বর্ধক কাজে নিয়োজিত হতে পারবেন। কেননা বাংলার ঐতিহ্যবাহী নকশিকাঁথার সুনাম দেশে-বিদেশে স্বীকৃত। এটি শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচয় তুলে ধরে।
এলজিইডির ফরিদপুর কার্যালয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুক আহমেদ।