বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে বনবিদ্যা (ফরেস্ট্রি) বিষয়ে স্নাতকদের অন্তর্ভুক্ত করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার মৌনমিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন পদে নিয়োগের জন্য সরকারি কর্মকমিশন (পিএসসি) ৩ নভেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বিভাগীয় কর্মকর্তা, জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা, গবেষণা সহকারী, মাঠ পরিদর্শকসহ ২৬টি পদে নিয়োগের জন্য ফরেস্ট্রি বিষয়ে স্নাতকদের আবেদনের কোনো সুযোগ রাখা হয়নি। ওই পদগুলোতে আবেদনের যোগ্যতা চাওয়া হয়েছে পদার্থবিদ্যা, রসায়ন, মৃত্তিকাবিজ্ঞান, যন্ত্রকৌশল, পরিসংখ্যান, অর্থনীতি প্রভৃতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর।পিএসসির ওই বিজ্ঞপ্তির প্রতিবাদে এবং ফরেস্ট্রি বিষয়ে স্নাতকদের অন্তর্ভুক্ত করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের উদ্যোগে মৌনমিছিল বের হয়। এরপর কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করা হয়। বিভাগের প্রধান অধ্যাপক নারায়ণ সাহা, অন্যান্য শিক্ষকসহ শিক্ষার্থীরা ওই কর্মসূচিতে অংশ নেন।বিভাগের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে আগে স্নাতক পর্যায়ে ফরেস্ট্রি বিষয়ে পড়াশোনার সুযোগ ছিল না। তখনকার সেই নিয়োগবিধি এখনো বহাল রয়েছে। অথচ বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগ থেকে প্রতিবছর শতাধিক শিক্ষার্থী স্নাতক হচ্ছেন। সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারের বন বিভাগে নিয়োগের ক্ষেত্রে তাঁদের বঞ্চিত রাখার বিষয়টি মেনে নেওয়া যায় না।’নিয়োগের ওই পুরোনো বিধিটি সংশোধন করে যোগ্যদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আন্দোলনকারীরা বলেন, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।এদিকে একই দাবিতে গত রোববার বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়।