‘ফসল বেচি ছোলপোল গুলোক মানুষ করমো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই জমির যে ফসল পাওয়া যাবি, তা বেচি ছোলপোলগুলোক (ছেলেমেয়ে) মানুষ করমো। ওগোরেক লেখাপড়া শেখামো। লেখাপড়া শিখে ওরা মানুষ হবার পারলি আমার জীবন সার্থক। আমি এখন সেই স্বপ্ন দেখি।’এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল থেকে দেওয়া টাকায় বন্ধক নেওয়া জমির দলিল হাতে পেয়ে এভাবেই স্বপ্নের কথা জানালেন বগুড়ার ধুনট উপজেলার এসিডদগ্ধ তাছলিমা আক্তার শিল্পী। প্রথম আলো সহায়ক তহবিল থেকে সম্প্রতি শিল্পীকে ৪০ হাজার টাকা দেওয়া হয়। সেই টাকায় ৩২ শতক ফসলি জমি বন্ধক নিয়েছেন তিনি।২০০৫ সালের নভেম্বরে পূর্বশত্রুতার জের ধরে শিল্পীকে এসিডে ঝলসে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা করা হলেও সাক্ষীর অভাবে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দেন তদন্ত কর্মকর্তা। শিল্পীর স্বামী ফারাইজুল ইসলাম একজন মুদি দোকানি। তাঁদের নয় বছরের একটি মেয়ে ও আড়াই বছর বয়সী একটি ছেলে আছে।জমির দলিল হস্তান্তর উপলক্ষে গতকাল বুধবার দুপুরে ধুনট উপজেলার নশরতপুর গ্রামে শিল্পীর বাড়িতে প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে আয়োজন করা হয় পুনর্বাসন ও সচেতনতামূলক সভা। বন্ধক নেওয়া জমির মালিক জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ হারুন, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন, প্রথম আলো সহায়ক তহবিলের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল, এসিডদগ্ধ তাছলিমা আক্তার ও প্রথম আলোর ধুনট প্রতিনিধি মাসুদ রানা।ইউএনও আবদুল্লাহ হারুন শিল্পীর হাতে জমির দলিল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মিলন রহমান, স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলামসহ গ্রামের মানুষ।ইউএনও আবদুল্লাহ হারুন প্রথম আলোর এ ধরনের সামাজিক কাজের প্রশংসা করে বলেন, ‘আমরা সরকারিভাবে সবকিছু করতে না পারলেও প্রথম আলো সারা দেশে এ প্রকল্প চালু করে বহু নারীকে বাঁচিয়ে রেখেছে।’ এসিড-সন্ত্রাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।প্রথম আলো সহায়ক তহবিলের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল জানান, সারা দেশে এ পর্যন্ত ২৩০ জন এসিডদগ্ধ নারীকে সহায়তা দেওয়া হয়েছে।