গোপালগঞ্জের মুকসুদপুরের বানিয়ারচরের তালবাড়ীতে ফসলি জমি দখল, বালু ভরাট, নদীভাঙন ও কৃষি জমিতে সাসকো শিল্পপার্ক নির্মাণ বন্ধের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
যুবলীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য শেখ আতিয়ার রহমান ওরফে দিপু এই শিল্পপার্ক নির্মাণ করছেন। নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই ওই নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। এলাকাবাসী শুরু থেকেই ফসলি জমিতে শিল্পপার্কটি নির্মাণের বিরোধিতা করে আসছেন।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বানিয়ারচর বাসস্ট্যান্ডে জনতা ঐক্য পরিষদের ব্যানারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জনতা ঐক্য পরিষদের উপদেষ্টা জয়দেব মণ্ডল। সমাবেশে বক্তব্য দেন দীপক বাড়ই, বঙ্কিম মণ্ডল, বিভুদান বৈরাগী, নিরঞ্জন মণ্ডল, রবীন বাড়ই, রথিন বৈরাগী, ভূমিহীন লিজা বেগম, বজলু শেখ, শিউলি বেগম প্রমুখ।
জয়দেব মণ্ডল বলেন, ‘ফসলি জমি ধ্বংস করে আমরা এই এলাকায় শিল্পপার্ক চাই না। আমরা ফসলি জমিতে সারা বছরের খাবার ফলাতে চাই। নদী থেকে বালু তোলায় নদীর পাড় ভেঙে যাচ্ছে। আমাদের ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে, আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই।’
বিকেল সাড়ে পাঁচটার দিকে শুরু হয় মানববন্ধন। বানিয়ারচর বাসস্ট্যান্ড-সংলগ্ন ক্যাথলিক চার্চের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বানিয়ারচর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে তালবাড়ী গ্রামে নির্মাণাধীন সাসকো শিল্পপার্ক হয়ে বানিয়ারচর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
১০ আগস্ট প্রথম আলোয় ‘গোপালগঞ্জে ফসলি জমিতে যুবলীগ নেতার শিল্পপার্ক’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই দিনই যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ আতিয়ার রহমানকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।