দশম জাতীয় সংসদ নির্বাচনে ‘ফাঁকা মাঠেও’ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিপাকে পড়েছেন। দলের মনোনীত প্রার্থী কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফের পক্ষে দলের তৃণমূলের নেতা-কর্মীদের অনেকে কাজ করছেন না। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানের পক্ষে প্রচারণায় নেমেছেন নেতা-কর্মীদের অনেকে।
দলীয় লোকজন জানান, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সুলতানা তরুণ এবার দলীয় মনোনয়ন পাননি। ২০০১ সালের সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া আবদুর রউফ এবার দলীয় মনোনয়ন পেয়েছেন। ওই নির্বাচনে সুলতানা তরুণ কয়েক ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীর কাছে হেরে যান। এতে দলীয় প্রধান শেখ হাসিনা দলের প্রাথমিক সদস্য পদসহ কমিটি থেকে আবদুর রউফকে বহিষ্কার করেন। বর্তমানে আওয়ামী লীগের কোনো কমিটিতে না থাকার পরও রউফকে দলীয় মনোনয়ন দেওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা বিসঞ্চয় প্রকাশ করেন।
এদিকে ভোটের মাঠে আবদুর রউফের নিজের এলাকা কুমারখালীর পান্টি ইউনিয়নের লোকজন ও আত্মীয়স্বজন ছাড়া দুই উপজেলার আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী নির্বাচনী প্রচারণায় তাঁর পক্ষে মাঠে নামছেন না। তাঁর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী সদর উদ্দিন খান ‘কলসি’ প্রতীক নিয়ে লড়ছেন।
খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার বলেন, আবদুর রউফ দলের বহিষ্কৃত নেতা। তিনি কোনো পদে নেই। দলের কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ নেই। এ কারণে দুই উপজেলার নেতা-কর্মীদের অধিকাংশ আবদুর রউফের সঙ্গে নেই। দলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলামও একই ধরনের কথা বলেন।
কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান বলেন, এই উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সদর উদ্দিন খানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুণ বলেন, ‘আবদুর রউফ সারা জীবন আওয়ামী লীগের ক্ষতি করেছেন। আমরা নৌকার বিপক্ষে নই, এ আসনে স্বতন্ত্র প্রার্থীকে জেতাব।’
স্বতন্ত্র প্রার্থী সদর উদ্দীন খান বলেন, ‘জনগণ জনপ্রিয়তা দেখে ভোট দেবে। সে ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই।’ আবদুর রউফের সঙ্গে যোগাযোগ করতে মুঠোফোন ও টেলিফোন থেকে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
তবে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাব মাহমুদ বলেন, ‘যাঁরা আওয়ামী লীগ করেন, তাঁরা নৌকায় ভোট দেবেন। যে ব্যক্তি দলের নিয়মনীতি ভঙ্গ করেছেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কুমারখালীতে সব কেন্দ্রে নৌকা প্রতীক জয়লাভ করবে। খোকসাতেও সুষ্ঠু নির্বাচন হলে নৌকার জয় হবে।’
কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম বলেন, ‘সাধারণ মানুষ ও দলের কর্মীরা নৌকার পক্ষে আছেন। দুই উপজেলার শীর্ষ নেতাদের সঙ্গে দলীয় কোনো কর্মী নেই।’ গণসংযোগ ও প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীর কারণে একটু অসুবিধা হচ্ছে বলে তিনি দাবি করেন।