‘ফাঁকা যেখানে হাট সেখানে’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পাঠানটুলা এলাকা দিয়ে সিলেটের বৃহত্তম পশুর হাট কাজীরবাজারে আটটি গরু নিয়ে যাচ্ছিলেন জাউয়াবাজারের রোকনউদ্দিন। ভোর সাতটায় পাঠানটুলা যাওয়ার সময় কয়েকজন লোক তাঁর গরু আটকে রাখেন। পরে পাঠানটুলায় সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে এভাবে আরও গরু আটকে শুরু করা হয় কোরবানি পশুর অস্থায়ী হাটের প্রচারণা। রোকন বলেন, ‘আমরা তো মূল হাটে যেতে চাইছিলাম। যেতে দেওয়া হচ্ছে না।’শুধু পাঠানটুলা নয়, সিলেট নগরমুখের রাস্তাগুলোতে এভাবে গরু আটকে অস্থায়ী হাট বসানো হচ্ছে। গতকাল শুক্রবার সকালে সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এ রকম অস্থায়ী হাট বসেছে ১০টি। কোরবানির পশু কিনতে গিয়ে একধরনের ধাঁধায় পড়ে নগরের মধ্যবর্তী এলাকা শিবগঞ্জের বাসিন্দা চাকরিজীবী আবদুল মজিদ বলেন, ‘অবস্থা এমন হয়েছে, ফাঁকা যেখানে হাট বসছে সেখানে!’সিলেট সিটি করপোরেশন ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, সিলেট নগরের কোরবানি পশুর মূল হাট কাজীরবাজার ছাড়া এবার মাত্র একটি হাট ইজারা দেওয়া হয়েছে। এ হিসাবে নগরে বৈধ পশুর হাট দুটি। নগরের বাইরে শহরতলির বাদাঘাটের তেমুখি, খাদিমপাড়া ইউনিয়নের সাহেববাজার, টুকেরবাজার, লাক্কাতুড়া মাঠ, সুরমাগেটের বাইপাস মোড়—এই পাঁচটি স্থানে অস্থায়ী হাট বসেছে। এসব হাটে যাওয়ার রাস্তায় বা মুখে বসেছে অস্থায়ী হাট। পাঠানটুলায় গরু আটকে হাট বসানোয় সিলেট-সুনামগঞ্জ সড়কের সিলেট নগরের অংশে তীব্র যানজট গতকাল শুক্রবারও দেখা গেছে। পাঠানটুলা থেকে এক কিলোমিটার পর মীরের ময়দান ও রিকাবিবাজার এলাকায় পুলিশ লাইনের সামনের রাস্তায় পশুর হাট বসেছে। রিকাবিবাজারে গরুর হাট বসাতে মাইকযোগে প্রচারও চলেছে।রিকাবিবাজার সিলেট নগরের কেন্দ্রস্থলের একটি মোড়। গুরুত্বপূর্ণ চারটি সড়কের মিলনস্থলে গরুর হাট বসানোয় নগরের অভ্যন্তরীণ রাস্তাঘাটে যানজট হওয়ায় পথচারীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছে বলে স্থানীয় ব্যক্তিরা জানান।শাহি ঈদগাহ গতকাল সকাল পর্যন্ত ফাঁকা দেখা গেলেও বিকেলে সেখানে শতাধিক গরু নিয়ে হাটের মতো বসেছেন বিক্রেতারা। কালাগুল এলাকার একজন গরুর পাইকার জানান, দুটো হাটে স্থান হবে না জেনে তাঁরা শাহি ঈদগাহ এলাকার ফাঁকা একটি জায়গায় গরু নিয়ে বসেছেন। কুমারপাড়ার বাসিন্দা রিফাত আহমদ অভিযোগের সুরে বলেন, ‘ঈদের বৃহত্তম জামাত হয় শাদি ঈদগাহে। এখন ঈদের পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি গরুর হাট থাকে, তাহলে মুসল্লিদের জন্য বড় অসুবিধায় পড়তে হবে।’সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে জানান, কাজীরবাজার ছাড়া শাহজালাল উপশহরের কয়েদি মাঠকে কোরবানি পশুর হাট হিসেবে সিটি করপোরেশন ইজারা দিয়েছে। এ দুটো বৈধ হাটের বাইরে আর কোনো হাট বসলে তা হবে অবৈধ। অবৈধ হাট উচ্ছেদে সিটি করপোরেশনের কোনো পদক্ষেপ আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি প্রশাসনকে অবহিত করা হবে।’নগরজুড়ে হাট ছড়িয়ে পড়লে যানজটসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কথা জানিয়ে সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, নগরের বাইরে পাঁচটি অস্থায়ী হাটের জন্য নির্ধারণ করা। এর বাইরে হাট বসলে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘কোরবানি পশুর হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ। অবৈধ হাট উচ্ছেদ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বৈধ হাটের ইজারাদার পক্ষ লিখিতভাবে জানালে পুলিশ ব্যবস্থা নেবে।’