'ফাঁকি' দিয়ে ঢুকছে রোহিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। তারপরও ফাঁকি দিয়ে রাতে বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। আশ্রয় নিচ্ছে অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরগুলোতে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও সেদেশের সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা।

চলতি মাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৩ জন ও কোস্টগার্ড ৪৩ জনকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অবশ্য গত কয়েক দিনে রোহিঙ্গা অনুপ্রবেশের তথ্য জানা নেই বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিক।

গতকাল বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেলে চারটার পর্যন্ত উখিয়ার কুতুপালং, বালুখালী ও টেকনাফের লেদার অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে কথা হয় গত এক সপ্তাহে পালিয়ে আসা বেশ কয়েকজন রোহিঙ্গার সঙ্গে। উখিয়ার বালুখালী শিবিরে কথা হয় গত সোমবার রাতে আসা নবী হোসেনের (৫৫) সঙ্গে। তিনি মিয়ানমারের রাখাইনের বুছিদং ওলাফের বাসিন্দা। টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলারচর এলাকা দিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ১৭ জন নারী, শিশু ও পুরুষসহ বাংলাদেশে অনুপ্রবেশ করেন তাঁরা।

ওই দলের সঙ্গে আসা আরেকটি পরিবারের সদস্য আছিয়া বেগম (২৪)। চার মাসের ছেলে ও স্বামীসহ পালিয়ে এসেছেন তিনি। কথা বলতে গেলে তাঁর চোখে-মুখে দেখা যায় আতঙ্ক। তিনি বলেন, ‘কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি।’

বালুখালী শিবিরের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হারুন বলেন, গত কয়েক দিনে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১৫০ পরিবারের (৬৫০ জন) লোককে আশ্রয় দেওয়া হয়েছে। তারা এখন আগে থেকে বসবাসরত লোকজনের সঙ্গে থাকছে। কিছুদিনের মধ্যে তারাও ঘর তৈরি করে বসবাস করবে।

এদিকে রোববার রাতে শাহপরীর দ্বীপ ঘোলারচর এলাকা দিয়ে বাংলাদেশে পালিয়ে এসে টেকনাফের লেদা শিবিরে আশ্রয় নেন মিয়ানমারের মংডুর গদুরছড়ার হোসেন আহমদ (৬০)। তাঁর বাম পায়ে ব্যান্ডেজ। পাটি পেতে মেঝেতে শুয়ে আছেন। স্থানীয় কয়েকজন দালালের সহযোগিতায় তাঁরা শিবিরে পৌঁছান। তাঁদের দলে ছিল ২১ জন।

হোসেন আহমদ বলেন, তাঁদের গ্রাম থেকে ৫১ জন পুরুষকে ধরে নিয়ে যান সেনাবাহিনীর সদস্যরা। ২৩ জনের কাছ থেকে মিয়ানমারের মুদ্রায় ১০ লাখ টাকা করে আদায় করে ছেড়ে দিলেও বাকি ২৮ জনের কোনো খোঁজ নেই। সেনাবাহিনীর ধরপাকড় থেকে পালিয়ে যাওয়ার সময় পায়ে আঘাত পান।

কুতুপালংয়ের রোহিঙ্গা শিবিরের সভাপতি আবু ছিদ্দিক ও টেকনাফের লেদা শিবিরের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন প্রথম আলোকে বলেন, গত ১৩ দিনে কুতুপালংয়ে ৩৫ ও লেদায় ৫০ পরিবার মিয়ানমার থেকে পলিয়ে এসে আশ্রয় নিয়েছে।

কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সোলেমান কবির বলেন, গত কয়েক দিনে ৪৩ জন রোহিঙ্গা নাগরিককে মিয়ানমারের ফেরত পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, চলতি আগস্ট মাস পর্যন্ত ২৩ জন ও গত জুলাই মাসে ২০৪ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে অনুপ্রবেশের চেষ্টাকালে প্রতিহত করা হয়েছে। এখন সীমান্ত এলাকাজুড়ে বিজিবি কড়া সতর্ক রয়েছে।