'ফাঁসি কার্যকর হলে শহীদদের আত্মা শান্তি পাবে'

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হলে শহীদদের আত্মা শান্তি পাবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের সাক্ষী জহির উদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালাল। রিভিউ শুনানির আদেশে মুজাহিদের ফাঁসি বহাল থাকার আদেশের পর আজ বুধবার এক প্রতিক্রিয়ায় প্রথম আলকে তিনি এই কথা বলেন।
জালাল বলেন, আমি মনে করি, আমার সাক্ষ্য দেওয়া সার্থক হয়েছে। এই রায়ের মধ্যদিয়ে আমাদের দেশ আরও একধাপ এগিয়ে গেল ও কলঙ্ক মুক্ত হলো। তিনি বলেন, মুজাহিদের নির্যাতনের দৃশ্য নিজের চোখে দেখেছি।
এই সাক্ষী বলেন, একাত্তরের ৩০ আগস্ট একটি অভিযান চালানোর সময় তিনি পাকিস্তানি সেনাদের হাতে বন্দী হন। পরে তাঁকে ঢাকার নাখালপাড়ার পুরোনো এমপি হোস্টেলে টর্চার সেলে নিয়ে গেলে তিনি সেখানে রুমী, বদি, আজাদ, সুরকার আলতাফ মাহমুদসহ আরও অনেক ব্যক্তিকে দেখতে পান। সেখানে তিনি মুজাহিদকে দেখেন। তিনি দেখেন, মুজাহিদ আটক হওয়া সবাইকে একে একে নির্যাতন করছেন। তিনি দেখেন, আটক হওয়া সবার চোখেমুখে নির্যাতনের চিহ্ন। পরে তিনি সৌভাগ্যক্রমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হন। তিনি বলেন, ‘লাখো শহীদের এই দেশে মুজাহিদের মতো স্বাধীনতাবিরোধী ব্যক্তিদের কবর হতে পারে না। আমার অনুরোধ, ফাঁসি হওয়ার পর যেন সাকা ও মুজাহিদের কবর এ দেশে না হয়।’ তাদের লাশ পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার দাবি জানান তিনি।