'ফাঁসির দিনের জন্য অপেক্ষা করছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উম্মে হাবিবা আর্থ্রাইটিসের রোগী। পায়ে ব্যথার কারণে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে কষ্ট হয় তাঁর। ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গেলে তাঁকে দেখে কটূক্তি করে সাকা চৌধুরী বলেছিলেন, ‘কী রে ল্যাঙ্গাওর কেঁয়া (কী রে খোঁড়াছ কেন?)।’
১৯৭১ সালের ১৭ এপ্রিল উম্মে হাবিবার সামনেই তাঁর স্বামী শেখ মোহাম্মদ আলমগীর ও শ্বশুর আওয়ামী লীগ নেতা মোজাফফর আহমদকে তুলে নিয়ে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের সময়কার সেই ঘটনা ও ট্রাইব্যুনালে সাকার কটূক্তির কথা উল্লেখ করে উম্মে হাবিবা প্রথম আলোকে বলেন, ‘আমি ফাঁসির দিনের জন্য অপেক্ষা করছি। এই রায়ে আমার স্বজনদের আত্মা শান্তি পাবে। আমাদের একটি দায়িত্ব ছিল। ওই দায়িত্ব পালনের জন্য আমরা আদালতে সাক্ষী হয়েছি।’
নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে উম্মে হাবিবা বলেন, ‘তাঁর (সাকা) অনেক ক্যাডার বাহিনী রয়েছে। সে কারণে আতঙ্কে রয়েছি।’
একই শঙ্কার কথা জানালেন সাকা চৌধুরীর মামলায় রাষ্ট্রপক্ষের আরেক সাক্ষী শেখ মোজাফফর আহমদের ছেলে শেখ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। ট্রাইব্যুনাল সাক্ষীদের নিরাপত্তা দিতে বলেছেন। কিন্তু সেভাবে নিরাপদ বোধ করছি না। রায়ে খুশি আমরা। তবে এই রায় যেন তাড়াতাড়ি কার্যকর হয়।’
মুক্তিযুদ্ধের সময় সাকা চৌধুরীদের চট্টগ্রাম নগরের বাড়ি গুডস হিলে নির্যাতনের শিকার হয়েছিলেন ব্যবসায়ী ম ছলিম উল্লাহ। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে তিনি সেই বিভীষিকার কথা বলেছেন। রায়ে স্বস্তি প্রকাশ করে ছলিম উল্লাহ বলেন, ‘একাত্তরে পুরো চট্টগ্রামে সাকা যে ত্রাস সৃষ্টি করেছিল, তার সর্বোচ্চ সাজা হয়েছে। এতে প্রমাণ হয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এটি ভবিষ্যতের জন্য শিক্ষা।’ তিনি বলেন, ‘সাকার ফাঁসি হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।’
সাক্ষ্য দেওয়া সার্থক হয়েছে: জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মামলার সাক্ষী জহির উদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালাল রায়ের প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি, আমার সাক্ষ্য দেওয়া সার্থক হয়েছে। সর্বোচ্চ আদালতের এই রায়ের মধ্য দিয়ে শহীদদের আত্মা শান্তি পাবে। কলঙ্কমুক্ত হলো দেশ।’ তিনি বলেন, ‘মুজাহিদের নির্যাতনের দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। আমার অনুরোধ, ফাঁসি হওয়ার পর যেন সাকা ও মুজাহিদের কবর এ দেশে না হয়। তাঁদের লাশ যেন পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়।’