‘ফানি জাইবো কুনদিন চারা অইব কুনদিন আর রুইমু কুনদিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আলিতলা (বীজতলা) অখনো ফানির তলে। ফানি জাইব কুনদিন, চারা অইব কুনদিন আর রুইমু কুনদিন। ফসল না অইলে বাকি ছয় মাস আমরা খাইমু কিতা? আর মাজনের (মহাজনের) সুদের টাকাই দিমু কেমনে?’ মৌলভীবাজারের কাওয়াদীঘি হাওরাঞ্চলে জলাবদ্ধতার কারণে আমন ফসল চাষাবাদের অনিশ্চয়তার বিবরণ দিতে গিয়ে জেলার রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামের কৃষক কনা মিয়া এসব কথা বলেন। গত সোমবার সন্ধ্যায় হাওর রক্ষা সংগ্রাম কমিটির রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের মোকামবাজারে অনুষ্ঠিত জনসভায় তিনি বক্তব্য দেন।হাওর রক্ষা সংগ্রাম কমিটি নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারের রাজপথ অবরোধ কর্মসূচি সফল করতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই জনসভার আয়োজন করে। হাওর রক্ষা সংগ্রাম কমিটির ফতেহপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক চেরাগ মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও ফরিদ আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ, সদস্যসচিব মামুনুর রশিদ, কমিটির অন্যতম নেতা সদর উপজেলার একাটুনা ইউপির সাবেক সদস্য জুনেদ আহমদ, সাইফুল ইসলাম, বশির আহমদ, সামসুদ্দিন মাস্টার প্রমুখ। বক্তারা ৩০ সেপ্টেম্বর রাজপথ অবরোধ কর্মসূচিতে সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার আহ্বান জানান। তাঁরা বলেন, চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। হাওর উন্নয়ন প্রকল্পে মৌলভীবাজার জেলার নাম অন্তর্ভুক্ত না করে এ অঞ্চলের মানুষের সঙ্গে সরকার বিমাতাসুলভ আচরণ করেছে। বঞ্চিত মৌলভীবাজারবাসীকে আন্দোলনের মধ্য দিয়েই অধিকার আদায় করে নিতে হবে। জনসভায় ফতেহপুর ইউনিয়নের গবিন্দপুর গ্রামের হাদিছ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বড় দলের নেতারাই ইজারাদার। এরাই প্রশাসনের সহযোগিতায় হাওরগুলারে প্রাইভেট পুকুর বানাই লাইছে। আন্দোলন করে এরারে তারাইতে অইব।’ মুনিয়ারপাড় গ্রামের আশরাফ আলী বলেন, ‘গতবারের ঋণ এখনো শুধ করতে পারি নাই। এইবারও ধান না অইলে ভিটাবাড়ি ছাড়ি দেওন লাগব।’ জনসভায় বিভিন্ন গ্রাম থেকে শত শত কৃষক জড়ো হয়ে দাবিদাওয়া নিয়ে স্লোগান দেয়। এদিকে রাজপথ অবরোধ কর্মসূচি সফল করতে হাওর রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে হাওরপারের গ্রামগুলোতে উঠানবৈঠক, ঠুলিবৈঠক, হাটসভা, পথসভা করা হচ্ছে। আগামী শনিবার মৌলভীবাজার শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবে সংগ্রাম কমিটি। গত ২৯ আগস্ট হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে এক সমাবেশ থেকে ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারে রাজপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করে।দাবিগুলোর মধ্যে আছে: ৯৪৫ কোটি টাকার হাওর উন্নয়ন প্রকল্পে মৌলভীবাজার জেলাকে সংযুক্ত করা, হাকালুকি হাওরের চাতলা বিলসহ জেলার সব বিলকে অভয়াশ্রম ঘোষণা ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ, হাকালুকি-কাওয়াদীঘিসহ সব হাওরের জলমহালের ইজারা প্রথা বাতিল, লাইসেন্স প্রথা চালু, ভাসান পানিতে সব নাগরিকের মাছ ধরার অধিকার নিশ্চিত করা, মাছের প্রজননকালে প্রকৃত জেলেদের জন্য রেশনের ব্যবস্থা চালু, দ্রুত জলাবদ্ধতা নিরসনসহ পাম্প হাউস আধুনিকায়ন, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং বিনা সুদে কৃষিঋণ, সার, বীজ, কীটনাশকসহ আধুনিক কৃষি উপকরণ প্রদান, হাওরাঞ্চলে গ্রামীণ রেশনিং ব্যবস্থা চালু, মনু, কুশিয়ারা, জুড়ী, ধলাইসহ জেলার সব নদী-খাল খনন, হাকালুকি হাওরের অপরিকল্পিত বুড়িকেয়ারী বাঁধ অপসারণ, জুড়ী উপজেলায় কন্টিনালায় স্লুইসগেট নির্মাণ, কাওয়াদীঘি হাওরের জলাবদ্ধতা নিরসনে কাশিমপুর পাম্প হাউসের আধুনিকায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ইত্যাদি। গত ৫ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প’ নামে ৯৪৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়। কিন্তু প্রকল্পে হাওর-অধ্যুষিত মৌলভীবাজার জেলাকে অন্তর্ভুক্ত না করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। প্রকল্পে মৌলভীবাজারকে অন্তর্ভুক্ত করার দাবিতে বিভিন্ন সংগঠন সেই থেকে আন্দোলন করছে।