'ফারাক্কার কারণে পরিবেশগত বিপর্যয়'
বাংলাদেশের বেশির ভাগ মানুষ ফারাক্কা বাঁধের পক্ষে না। এই মন্তব্য করে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, এই বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে। ওই এলাকায় লবণাক্ততার পরিমাণ বেড়ে গেছে। আর্সেনিকের সমস্যা দেখা দিয়েছে।
গতকাল শনিবার রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে বন্যা ও নদীভাঙন-২০১৬ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পানিবিষয়ক গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) আয়োজিত সেমিনারে মন্ত্রী আরও বলেন, ফারাক্কার আসল প্রভাব নিয়ে আলোচনা না হয়ে ফারাক্কার কারণে বাংলাদেশে বন্যা হচ্ছে, এমন খবর সংবাদপত্রে বেশি আসে।
সেমিনারে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ফারাক্কা নিয়ে আমাদের এখানে যতটা না বৈজ্ঞানিক তথ্যনির্ভর আলোচনা হয়, তার চেয়ে রাজনৈতিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা বেশি হয়। ফারাক্কা বাঁধ উঠিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের ভেতর থেকে যে দাবি উঠছে, তা বাস্তবায়িত হলে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুশি হবে।
মন্ত্রী বলেন, টিপাইমুখ বাঁধ নিয়েও দেশে ভুলভাবে আলোচনা হয়েছে। এই বাঁধ হলে শুষ্ক মৌসুমে পানি বেড়ে যাবে ও বর্ষায় পানি কমে যাবে। এ কারণে তা যতটা না বন্যা ও অন্যান্য সমস্যা সৃষ্টি করবে, তার চেয়ে বেশি পরিবেশগত সমস্যা বাড়াবে। সেমিনারে কারিগরি অধিবেশনে আইডব্লিউএমের নদী প্রকৌশল বিভাগের প্রধান মোস্তফা কামাল বলেন, বাংলাদেশের ৫ শতাংশ বন্যাপ্রবাহ এলাকা নদীভাঙনের কবলে রয়েছে। প্রায় ৩০ লাখ মানুষ নদীভাঙনে নিঃস্ব হয়ে বিভিন্ন এলাকায় উদ্বাস্তুর মতো বাস করছে।