'ফারাক্কায় ২১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র, পদ্মার কী ক্ষতি হয়েছে?'

‘গত ৪০ বছরে সারা দেশে যে পরিমাণ পারদ পোড়ানো হয়েছে, তাতে মাছের কী হয়েছে? ফারাক্কাতে ২১০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র আছে। এর কাছের শহর রাজশাহী ও পদ্মা নদী। সেখান যদি অনেক ছাই হতো তাহলে পদ্মায় মাছ থাকত না এবং রাজশাহীও সবুজ নগরী হতো না।
কথাগুলো বলেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক কাজী বায়েজিদ কবির। আজ রোববার ‘রামপালে বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা নিয়ে পরিবেশগত দিকের বাস্তবতা ও অবাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে কথাগুলো বলেন তিনি। রাজধানীর রমনায় আইইবির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
গত বুধবার ঢাকায় সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি এক সেমিনারের আয়োজন করে। সেখানে যুক্তরাষ্ট্রের দূষণ বিশেষজ্ঞ এ ডেনিস লেমনি রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লার ছাইয়ের দূষণ নিয়ে এক গবেষণায় বলেন, কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র থেকে বের হওয়া ছাইয়ের দূষণে বছরে ১০ কোটি ডলারের সমপরিমাণ টাকার মাছ মারা যাবে। বিদ্যুৎকেন্দ্রটি থেকে ৬০ বছরে ৩ কোটি ৮০ লাখ টন ছাই বের হবে। এতে খুলনা থেকে সুন্দরবন পর্যন্ত মারাত্মক পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে।
আজকের সেমিনারে উঠে আসে সুন্দরবন রক্ষা কমিটির সেই গবেষণার জবাব। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে কাজী বায়েজিদ কবির বলেন, ‘আলট্রাসুপার ক্রিটিক্যাল ব্যবহার করলে লাভ হচ্ছে, কয়লা কম পুড়িয়ে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারব। অধিকাংশ কয়লা যেহেতু বাইরে থেকে আসবে, অর্থনৈতিক একটি সুবিধা আছে।’ কয়লা কম পোড়ানোর ফলে ছাই কম (২০ ভাগ) হবে এবং দূষণও কম হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইএসপি (ইলেকট্রস্ট্যাটিক প্রেসিপিটেটর) টেকনোলজি ‘আউট ডেটেড’ না এবং এর খরচ কম।
বায়েজিদ কবির আরও বলেন, ‘আমার কথা হচ্ছে, পরিবেশগত সঠিক পদ্ধতিগুলো নিয়েই কয়লা থেকে নিরাপদভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।’
সেমিনারে বিশেষ অতিথি আইইবির প্রেসিডেন্ট কবির আহমেদ বলেন, ‘রামপালের বিরোধিতার মধ্যে কোনো বৈজ্ঞানিক (সায়েন্টিফিক) কারণ নেই। বড়পুকুরিয়ায় যে বিদ্যুৎকেন্দ্র আছে, সেখানে ক্ষতি হলে কোনো ফসলাদি হতো না, মানুষ বসবাস করতে পারত না। বিদেশে শহরের মাঝখানে কয়লাবিদ্যুৎকেন্দ্র আছে। তাদের কোনো স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে না।’ তিনি আরও বলেন, একটা দল আছে, যারা সবকিছুতেই বিরোধিতা করে।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর বলেন, বাইরের দেশে বেশির ভাগ বিদ্যুৎকেন্দ্র হয় কয়লা থেকে। বুদ্ধিজীবীরা এর বিরোধিতা করে উন্নয়নকে বাধাগ্রস্ত করছেন।
সেমিনারে আরও বক্তব্য দেন আইইবির ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান ও আইইবির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান হামিদুল হক।