'ফারাজই আমাদের সেরা বন্ধু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের বীরত্বের গল্প বাংলাদেশের সীমানা অতিক্রম করে বিশ্বের বিভিন্ন দেশে দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধুত্বের দৃষ্টান্তে ফারাজই এখন আমাদের সেরা বন্ধু। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।’

গতকাল বুধবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ধোবাউড়া ডিগ্রি কলেজে বাল্যবিবাহ ও জঙ্গিবাদবিরোধী সচেতনতামূলক সভায় হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এসব কথা বলেন। বাল্যবিবাহ, জঙ্গিবাদ, মাদকসহ নানা ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক সভায় আলমগীর হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘তোমরা সবাই বন্ধুত্বের প্রতি সহমর্মী আচরণ করবে।’ তিনি বলেন, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে নতুন প্রজন্মকে সচেতন হতে হবে। নতুন প্রজন্মের হাত ধরেই বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

একই দিনে ধোবাউড়া উপজেলার দারুল উলুম মাদ্রাসা ও বায়তুল হামদ নামের অপর একটি মাদ্রাসাতেও বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদ নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধোবাউড়া উপজেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সভা দুটিতে আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ে তোলার আহ্বান জানান।

হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাকে বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদমুক্ত করতে কয়েক মাস আগে থেকে পুলিশের উদ্যোগে ধোবাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভার আয়োজন করা হচ্ছে।

সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাকে বাল্যবিবাহ ও মাদকমুক্ত করার উদ্দেশ্যে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি।’