'ফারাজই মুসলিম বিশ্বের প্রকৃত প্রতিনিধি'
রোমভিত্তিক মুসলিম দেশের রাষ্ট্রদূতদের ইফতার মাহফিলে ফারাজ আইয়াজ হোসেনের বীরত্বগাথা বিশেষভাবে উঠে এসেছে। গত ৩০ মে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিথিশালা ভিলা মাদামার এ অনুষ্ঠানে অধিকাংশ মুসলিম দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন ইসলামি সংগঠন ও সংস্থার শতাধিক ব্যক্তি আমন্ত্রিত হন।
এ সময় ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী (আন্ডার সেক্রেটারি) ভিনসেনসো আমেনদোলা বলেন, সারা বিশ্ব ঢাকার হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত সন্ত্রাসী হামলার নিন্দা করেছে। কিন্তু ওই হামলার ঘটনার আরেকটি বৈশিষ্ট্যমণ্ডিত দিক রয়েছে। আর বিশ্বের বুকে সেই বিরল মানবিক দৃষ্টান্ত যিনি স্থাপন করেছেন, তিনি একজন তরুণ। তাঁর নাম ফারাজ আইয়াজ হোসেন।
ওই ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নিয়েছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার। তিনি গতকাল ৩০ জুন রোমে প্রথম আলোকে বলেন, ভিনসেনসো সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের কথা বলতে গিয়ে ফারাজের মহত্তম কীর্তির কথা উল্লেখ করে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেন। এ সময় ভিলা মাদামার অনুষ্ঠানস্থলে নীরবতা নেমে আসে। উপস্থিত মুসলিম দেশের রাষ্ট্রদূতেরা ইতালির উপপররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে মাথা নাড়িয়ে তাঁদের সমর্থন ও সংহতি ব্যক্ত করেন।
ভিনসেনসো বলেন, ফারাজ একজন তরুণ। সন্ত্রাসীরা তাঁকে প্রাণ বাঁচানোর সুযোগ করে দিয়েছিল। ফারাজ খুব সহজেই সেই সুযোগ নিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। ফারাজ আশ্চর্য পণ করেছিলেন যে তিনি তাঁর যেসব বন্ধুর সঙ্গে হোলি আর্টিজানে এসেছিলেন, তাঁদের বিপদে ফেলে তিনি একা ফিরে যাবেন না। মৃত্যু অবধারিত জেনেও একজন তরুণ কী করে এমন একটি অবস্থান নিতে পেরেছিলেন, সেটি গোটা বিশ্বের এক বিস্ময়। এটি একটি অসাধারণ বীরত্বের উপাখ্যান হিসেবে বর্তমান ও অনাগতকালের মানুষের মুখে মুখে ফিরবে।
বাংলাদেশের রাষ্ট্রদূত স্মরণ করেন যে ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী সেদিনের ইফতার মাহফিলে ওই মন্তব্যের পর ফারাজকে ইসলামি বিশ্বের প্রকৃত প্রতিনিধিত্বকারী তরুণ হিসেবে উল্লেখ করলে সমবেত অতিথিদের মধ্যে একটা প্রচণ্ড ইতিবাচক ভাবাবেগ তৈরি হয়েছিল।
ভিনসেনসো আবেগাপ্লুত হয়ে বলেন, ‘একজন মুসলিম তরুণের আসল চেতনা কী হওয়া উচিত, তার এক অনুপম দৃষ্টান্ত রেখে গেছেন ফারাজ।’
ভিনসেনসোর জন্ম ১৯৭৩ সালে নেপলেসে। এই বাম নেতা ইতালির মধ্য বাম ঘরানার প্রতিনিধিত্ব করেন। ২০১৬ সালের ২৯ জানুয়ারি তিনি উপপররাষ্ট্রমন্ত্রী হন।
বাংলাদেশ রাষ্ট্রদূত বলেন, ‘ফারাজ সম্পর্কে ভিনসেনসো এতটাই অসাধারণ ভালো বলেছিলেন যে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সেখানে উপস্থিত থেকে আমি গর্ব অনুভব করেছিলাম।’
আবদুস সোবহান শিকদার আরও তথ্য দেন যে পররাষ্ট্রমন্ত্রী আঞ্জেলিনো আলাফানোও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। ওই দিন ভিলা মাদামায় বিশ্বের দেশে দেশে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রোমের বৃহত্তম মসজিদের ইমাম। সেদিন মুসলিম দেশের রাষ্ট্রদূতেরা ইতালির রাষ্ট্রীয় অতিথিশালায় মাগরিবের নামাজ আদায় করেন।
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন।